ছড়া-খাল রক্ষায় জায়গা দান
সিলেট নগরে নয়টি ছড়া-খাল প্রাকৃতিকভাবে প্রবাহিত। এসবের অধিকাংশই অবৈধ দখলে-দূষণে বিপন্ন হওয়ায় উদ্ধার অভিযান শুরু করে সিটি করপোরেশন। এ অভিযান চলাকালে ছড়া-খালে সুষ্ঠু পানিপ্রবাহের স্বার্থে ১৬ শতক জায়গা দান করেছে একটি পরিবার।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরের লালদীঘিরপাড়ের ওই পরিবারের পক্ষে দুই ভাই আবদুর রহমান ও আকবুল হোসেন জায়গা দান করার ঘোষণা দেন। গাভীয়ারখালে পানিপ্রবাহের জন্যই তাঁরা জমি দান করেছেন বলে জানান। গতকাল বুধবার সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে তাঁদের জায়গাদানের বিষয়টি জানানো হয়।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, এ জমিদানের ফলে ওই এলাকার পানিপ্রবাহের ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সমাধান হলো।
সিটি করপোরেশন সূত্র জানায়, ১৮ ডিসেম্বর থেকে ওই এলাকায় গাভীয়ারখালের পানিপ্রবাহের পথ দখলমুক্ত করার অভিযান শুরু হয়। বিলপাড় ও ভাতালিয়া এলাকার পানি বসুখাল ছড়া হয়ে লালদীঘিরপাড় একটি ডোবায় গিয়ে মিশেছে। ডোবা থেকে পানি কুয়ারপার-শেখঘাট হয়ে গাভীয়ারখালে প্রবাহিত হয়। কিন্তু ডোবার জায়গাটি ব্যক্তিমালিকানাধীন থাকায় ডোবা দিয়ে সঠিকভাবে পানিপ্রবাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল।
সরেজমিনে পরিদর্শনের পর সিটি করপোরেশনের মেয়র জলাবদ্ধতামুক্ত পরিবেশের স্বার্থে জমির মালিকদের জায়গা সিটি করপোরেশনকে দিতে অনুরোধ করেন। গত মঙ্গলবার বিকেলে লালদীঘিরপাড় এলাকার মুরব্বিদের উপস্থিতিতে এ বিষয়ে বৈঠক হয়। স্থানীয় মুরব্বি হাজি আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিটি করপোরেশনের মেয়রসহ বিভিন্ন এলাকার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। বৈঠকে আবদুর রহমান ও আকবুল হোসেন ডোবার মধ্যে তাঁদের প্রায় ১৬ শতক জায়গা পানিনিষ্কাশন কাজে ব্যবহারের জন্য দান করার ঘোষণা দেন।
জায়গার মালিক আবদুর রহমান ও আকবুল হোসেন জানান, তাঁদের ওই জায়গার জন্য পুরো এলাকাবাসীর বিড়ম্বনা সইতে হচ্ছিল। মেয়রের অনুরোধে সাড়া দিয়েই তাঁরা এ জমি দান করতে সমঞ্চত হয়েছেন।