ছড়াচ্ছে ডায়রিয়া চর্মরোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনার পানি কমতে থাকায় বগুড়া ও জামালপুরে গতকাল মঙ্গলবার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সিরাজগঞ্জে পরিস্থিতি অপরিবর্তিত আছে। এদিকে ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতিও অপরিবর্তিত ছিল। তবে পরিস্থিতির অবনতি হয় শেরপুরে।

পানি কমতে থাকলেও দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ কমছে না। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট প্রকট আকার ধারণ করেছে। হাজার হাজার মানুষ বাস করছে খোলা আকাশের নিচে। এ ছাড়া কোনো কোনো এলাকায় ডায়রিয়া ও চর্মরোগের প্রাদুর্ভাব দেখা গেছে।

সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বগুড়া: সারিয়াকান্দি উপজেলায় গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি কমতে শুরু করলেও দুর্গত এলাকায় বানভাসি মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। ব্যাপক খাদ্য-সংকট দেখা দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছে হাজার হাজার অনাহারী মানুষ। ত্রাণের আশায় তারা এদিক-সেদিক ছোটাছুটি করছে।

সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ও রোহদহ বাঁধে আশ্রয় নিয়েছে বানভাসি কয়েক হাজার মানুষ। গতকাল বেশ কয়েকজন প্রথম আলোকে বলেন, খাবার নেই, নেই কাজ। দুর্গত মানুষের তুলনায় ত্রাণের বরাদ্দ খুবই সামান্য। এখন তাঁদের না খেয়ে মরার দশা হয়েছে।

উপজেলার রোহদহ গ্রামের বানভাসি মানুষ ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে। এ ছাড়া পানি পুরোপুরি না কমায় এখনো বন্ধ রয়েছে উপজেলার ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কর্মসূচি।

জামালপুর: যমুনার পানি কমতে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ২৪ ঘণ্টায় পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১১ সেন্টিমিটার কমে গতকাল বিকেলে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলার ৩৭ ইউনিয়নের চার শতাধিক গ্রামের দুই লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে আছে। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট চলছে। সরকারি ত্রাণ সরবরাহ প্রয়োজনের তুলনায় অতি সামান্য।

সিরাজগঞ্জ: পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, ১ লাখ ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসক বিল্লাল হোসেন বলেন, পাঁচটি উপজেলার বন্যাদুর্গত মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী মজুত রয়েছে। এ সময়ের মধ্যে জেলার বিভিন্ন স্থানে নগদ প্রায় পাঁচ লাখ টাকা এবং ১৯৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রাম: নদ-নদীর পানি কিছুটা কমলেও কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ধরলা নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার নয়টি উপজেলার ৬৮টি ইউনিয়নের চার শতাধিক গ্রামের প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। বন্যাকবলিত এলাকায় দেখা গেছে, বিশুদ্ধ পানি, খাদ্য ও গোখাদ্যের সংকট চলছে। বাড়ছে রোগব্যাধি। অপ্রতুল ত্রাণ নিয়ে বিপাকে পড়েছেন জনপ্রতিনিধিরা।

গাইবান্ধা: সাতটি উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতি গতকাল অপরিবর্তিত ছিল। সকালে ঘাঘট নদের পানির চাপে সদর উপজেলার কোনারপাড়া এলাকায় সোনাইল বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৮০ ফুট অংশ ভেঙে যায়। এতে পৌর এলাকাসহ সদর ও সংলগ্ন ফুলছড়ি উপজেলার ১২টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে প্রায় ছয় হাজার মানুষ। তারা ধান, চাল, হাঁস-মুরগি, গরু-ছাগল ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও বিভিন্ন সড়কের ধারে আশ্রয় নিয়েছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। সরকারি হিসাব অনুযায়ী, এ বছরের বন্যায় জেলার সাতটি উপজেলার ৬৩টি ইউনিয়নের প্রায় চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চাহিদার তুলনায় সরকারি ত্রাণসামগ্রীর পরিমাণ খুবই কম।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এ পর্যন্ত বন্যাকবলিত সাতটি উপজেলায় ৫০৯ মেট্রিক টন চাল ও নগদ ১২ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আরও ২০০ মেট্রিক টন চাল ও পাঁচ লাখ টাকা বরাদ্দ চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

শেরপুর: ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গতকাল এই জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়। বর্তমানে শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ-সংলগ্ন পাঁচটি ও শ্রীবরদী উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম বন্যাকবলিত হয়েছে। প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যাদুর্গত মানুষকে কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি।

জামালপুর: মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামের আকাশ নামের সাত মাসের এক শিশু গত সোমবার বন্যার পানিতে ডুবে মারা গেছে। সে বিল্লালের ছেলে।

এদিকে সরিষাবাড়ী উপজেলায় সোমবার পানিতে ডুবে রেজোয়ান নামের চার বছরের এক শিশু মারা গেছে। সে উপজেলার কালিকাপুর গ্রামের মিলন মিয়ার ছেলে।