ছড়ার ওপর স্টেডিয়ামের বর্ধিত ভবন নির্মাণ!
সিলেট সিটি করপোরেশন যখন ছড়া দখলমুক্ত করার অভিযানে তৎপর, তখনই নগর দিয়ে প্রবাহিত মালনী ছড়ার উৎসমুখে ভবন নির্মাণ করা হচ্ছে।
নগরের উপকণ্ঠে লাক্কাতুরা চা-বাগানের গলফ মাঠের পাশের সিলেট বিভাগীয় স্টেডিয়াম টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু। ওই স্টেডিয়ামের টিকিট ঘর নির্মাণ হচ্ছে মালনী ছড়ার ওপর।
মালনী ছড়ার উৎস চা-বাগান। এটি নগরের হাউজিং এস্টেট, সুবিদবাজার, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, নবাব রোড ও বাগবাড়ীর একাংশ হয়ে মিলিত হয়েছে সুরমা নদীতে।
সরেজমিনে দেখা গেছে, মালনী ছড়ার উৎসমুখের পুরোটা পড়েছে লাক্কাতুরা চা-বাগান এলাকায়। এ চা-বাগানের গলফ মাঠে ঢোকার রাস্তাটি বিভাগীয় স্টেডিয়ামের প্রবেশপথ। বিমানবন্দর সড়ক থেকে ছড়া পারাপারের সেতুর উত্তর দিকের সঙ্গে যুক্ত রেখে নির্মিত হচ্ছে টিকিট ঘর।
ছড়ার ওপর ছাদ ঢালাই করে নির্মিত ভবনের কারণে ছড়ার পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন। ছড়ার ওপারের জমি ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা চা-বাগানের। ছড়ার ওপর ভবন নির্মাণের ব্যাপারে তাদের নির্লিপ্ত থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। টিকিট ঘর নির্মাণ দেখে মালনী ছড়ার পুরোটাই একই আদলে ভবন তৈরি করে দখলে নেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার অনেকে।
লাক্কাতুরা চা-বাগানের ব্যবস্থাপক এমদাদুল হক বলেন, রাস্তা ও স্টেডিয়ামে গাড়ি রাখার জন্য ন্যাশনাল টি কোম্পানি নিজস্ব কিছু জায়গা বিভাগীয় ক্রীড়া সংস্থাকে দিয়েছে। তবে ছড়ার অংশটি খাস খতিয়ানে থাকায় ছড়ার ওপর ওই নির্মাণকাজে কোম্পানির কোনো দায় নেই।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মাণকাজ চলছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মালনী ছড়ার আশপাশের পরিবেশ নোংরা। একটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর সামনে এ রকম নোংরা পরিবেশ থাকা অশোভনীয়। তাই ছড়ার ওপর ছাদ দিয়ে ওই ভবন নির্মাণ করা হচ্ছে।’ এলাকাবাসীর দখল আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন আশঙ্কা যারা পোষণ করেন, তাঁদের আমি বলছি, এসে দেখুন ভবনটি বরং এলাকার সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে, ছড়ার কোনো ক্ষতি হবে না।’
গত বুধবার সংবাদ সমেঞ্চলনে সিটি করপোরেশন জানায়, এক হাজার ভবন নির্মাণ করে নগরের নয়টি ছড়া দখল করা হয়েছে। ছড়ার ওপর বিভাগীয় স্টেডিয়ামের টিকিট ঘর নির্মাণ সিটি করপোরেশনের ছড়া দখলমুক্ত করার উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল বৃহস্পতিবার মালনী ছড়ার উৎসমুখ পরিদর্শন করে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, কোনো ছড়ার উৎসমুখে যদি পানিপ্রবাহ স্বাভাবিক না থাকে, তাহলে নগর দিয়ে প্রবাহিত ছড়ার অংশ দখলমুক্ত করে কী লাভ হবে! ছড়া রক্ষার স্বার্থে সিটি করপোরেশনের উচিত এ ব্যাপারেও পদক্ষেপ নেওয়া।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মালনী ছড়ার ওই অংশটি সিটি করপোরেশনের সীমানার বাইরে পড়েছে। তবে একই ছড়ার নগর দিয়ে প্রবাহিত অংশ দখলমুক্ত করতে যেহেতু অভিযান চলছে, তাই ছড়ার উৎসমুখ সচল রাখতে হবে। বিভাগীয় ক্রীড়া সংস্থার সঙ্গে কথা বলে এ বিষয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’