ছড়ার মধ্যে গৃহায়ণের প্লট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়ালীছড়ার মাঝখানে বাঁশের বেড়া দিয়ে মাটি ও বালু ফেলে ভরাট করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি  প্রথম আলো
গোয়ালীছড়ার মাঝখানে বাঁশের বেড়া দিয়ে মাটি ও বালু ফেলে ভরাট করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি প্রথম আলো

জলাবদ্ধতামুক্ত নগর গড়তে সিলেট সিটি করপোরেশন একদিকে নয়টি খাল উদ্ধারে অভিযান শুরু করেছে। অপরদিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ শাহজালাল উপশহর এলাকা দিয়ে প্রবাহিত গোয়ালীছড়ার (খাল) ওপর বর্ধিত প্লট বরাদ্দ দিয়েছে।
শাহজালাল উপশহর দ্বিতীয় ধাপের আবাসনের বর্ধিত প্লট কেনার পর এরই মধ্যে এক ব্যক্তি গোয়ালীছড়ার মাঝখানে বাঁশের বেড়া দিয়ে মাটি ও বালু ফেলে ভরাট শুরু করেছেন।
গৃহায়ণ কর্তৃপক্ষের দপ্তর থেকে জানা যায়, শাহজালাল উপশহর প্রথম ধাপের আবাসন প্রকল্পের কাজ শেষ করে ২০০৬ সালে দ্বিতীয় ধাপের আবাসন প্রকল্পের প্লট বরাদ্দ দেওয়া শুরু করে। সাদীপুর দ্বিতীয় খণ্ড মৌজায় চার শতকের প্লটগুলোর মধ্যে আবার ‘বর্ধিত’ হিসেবে ‘গ’ ক্রমে বরাদ্দ দেওয়া হয়। এই প্লটগুলো গোয়ালীছড়ার মধ্যে পড়েছে। প্লটের একজন ক্রেতা দুই সপ্তাহ ধরে খালের মাঝামাঝি বাঁশের বেড়া দিয়ে ভরাট করছেন।
সরেজমিনে দেখা গেছে, শাহজালাল উপশহরের আই ব্লকের প্রধান সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া গোয়ালীছড়ার অর্ধেক অংশ ভরাট করা করা হচ্ছে। বালুভর্তি বস্তা ছড়ার পানিতে ফেলে তার ওপর মাটি ফেলা হচ্ছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বর্ধিত প্লট গ্রহীতার কাছ থেকে প্লটটি কিনেছেন আবদুর রউফ চৌধুরী নামের এক ব্যক্তি। জানতে চাইলে তিনি এ ব্যাপারে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন। গৃহায়ণ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে রউফ ছড়ার ওই অংশ ভরাট করছেন বলে জানান। এদিকে গৃহায়ণ কর্তৃপক্ষের ওই আবাসন প্রকল্পের বাইরেও স্থানীয় আরও কয়েকজন ব্যক্তি খাল ভরাট করে স্থাপনা নির্মাণ করেছেন।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সিলেট কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী বাদল কুমার মণ্ডল বর্ধিত প্লট হিসেবে বরাদ্দ প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে গোয়ালীছড়ার ওপর গৃহায়ণ কর্তৃপক্ষের বর্ধিত প্লটগুলো পড়েছে কি না, এ বিষয়ে তিনি নকশা দেখিয়ে বলেন, ‘নকশায় এ ধরনের কিছু নেই। বরাদ্দে নকশাবহির্ভূত কিছু হলে সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেট নগর দিয়ে প্রবহমান নয়টি ছড়ার মধ্যে গোয়ালীছড়া অন্যতম। শাহজালাল উপশহর আবাসিক এলাকা দিয়ে গোয়ালীছড়া সুরমা নদীতে মিলিত হয়েছে।
শাহজালাল উপশহরের বাসিন্দারা জানান, প্রায় ২০-৩০ ফুট প্রস্থের গোয়ালীছড়ার পানিপ্রবাহ সচল না থাকলে পুরো এলাকা বর্ষাকালে জলাবদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
সিটি করপোরেশন থেকে জানা যায়, গোয়ালীছড়ার যে অংশে বর্ধিত প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে, সেই সব জায়গা জেলা প্রশাসনের খাস খতিয়ান থেকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়। এ কারণে সিটি করপোরেশন সরাসরি হস্তক্ষেপ করতে পারছে না।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, সিটি করপোরেশন যেখানে নগরের অন্যান্য ছড়া দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে, একই সময়ে বর্ধিত প্লট বরাদ্দ দিয়ে ছড়া ভরাটের কাজ চলছে। এতে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাঁরা বিষয়টি গৃহায়ণ কর্তৃপক্ষকে জানাবেন।