ছড়ার মাটি কেটে নিচ্ছে একটি চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাল্লাছড়ার জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় দুই পাড়ের বসতঘরগুলো হুমকির মুখে পড়েছে l ছবি: প্রথম আলো
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাল্লাছড়ার জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় দুই পাড়ের বসতঘরগুলো হুমকির মুখে পড়েছে l ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে বাল্লাছড়ার মাটি কেটে নিচ্ছে স্থানীয় একটি চক্র। এর প্রতিকার চেয়ে স্থানীয় মো. রুজেল হাসান বক্ত নামের এক ব্যক্তি গত বুধবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার বাল্লারপার গ্রামের জৈমত খাঁ ও হামজা মিয়ার নেতৃত্বে একটি চক্র খাস ভূমি বাল্লাছড়া থেকে এক মাস ধরে মাটি কেটে নিচ্ছে। গত বৃহস্পতিবার পর্যন্ত কেটে নেওয়া মাটির দাম আনুমানিক ১০ লাখ টাকা। এ মাটি নিজেদের ভিটে ভরাটের কাজে ব্যবহার ছাড়াও বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। বাল্লাছড়া থেকে মাটি কাটায় অভিযোগকারীর (মো. রুজেল হাসান) বাড়ির দেয়ালে ফাটল ধরেছে। একটি স্থান দেবেও গেছে।
রুজেল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তিনি ২৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রথম দফা লিখিত অভিযোগ দেন। এ পরিপ্রেক্ষিতে ২৯ ফেব্রুয়ারি ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদার মো. রহমত উদ্দীন সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পান। তিনি ১৪ মার্চ তদন্ত প্রতিবেদন ইউএনওর কাছে পাঠিয়ে দ্রুত মাটি উত্তোলন বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অবৈধভাবে মাটি উত্তোলনে রাজস্ব হাতছাড়া হয়েছে। এ ছাড়া পাশের পাকা বাড়ির ক্ষতি হয়েছে। এরপরও চক্রটি বৃহস্পতিবার পর্যন্ত বাল্লাছড়া খনন করে মাটি উত্তোলন অব্যাহত রাখে।
জানতে চাইলে জৈমত খাঁ ও হামজা মিয়া বলেন, আসলে বাল্লাছড়াটি পলিমাটিতে অনেকটা ভরাট হয়ে গেছে। সেই ভরাট মাটি উত্তোলন করে বাড়ির ভিটা ভরাট করা হচ্ছে। মাটি কোথাও বিক্রি করা হয়নি।
সরকারের সংশ্লিষ্ট বিভাগের অনুমতি না নিয়ে ছড়ার মাটি উত্তোলন করছেন কেন, এ প্রশ্নের কোনো উত্তর দিতে তাঁরা রাজি হননি।
মাটি কাটার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ সদর ইউনিয়নের তহশিলদার রহমত উদ্দীন বলেন, তিনি তদন্ত করে সুপারিশসহ ইউএনওর কাছে প্রতিবেদন দিয়েছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।