ছড়ায় বাঁধ, রাঙ্গুনিয়ায় ১৫০ হেক্টরে আবাদ বন্ধ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী গ্রামের লালারখীল ছড়ায় বাঁধ তৈরি করায় প্রায় ১৫০ হেক্টর জমিতে কৃষকেরা বোরো চাষ করতে পারছেন না। চলতি শুষ্ক মৌসুমে পানির অভাবে মরে গেছে ৩০ হেক্টর জমির সবজিখেত। গ্রামের ১৫০ জন কৃষক ৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ এনে বাঁধটি ভেঙে দেওয়ার আবেদন করেছেন।কৃষকেরা জানান, ইউনিয়নের লালারখীল ছড়াটি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের নারিশ্চা বনবিটের আওতাধীন ত্রিপুরা সুন্দরী মৌজার সংরক্ষিত বনাঞ্চলের একটি পাহাড়ি ছড়া। পাহাড়ের পাদদেশে প্রাকৃতিকভাবে সৃষ্ট ওঁস (কুয়া) থেকে এ ছড়া দিয়ে সারা বছর পানি প্রবাহিত হয়। ফলে ছড়ার পানির ওপর নির্ভর করে গ্রামের ১৫০ জন কৃষকের পরিবার ২০ বছর ধরে আশপাশের ১৫০ হেক্টর জমিতে আমন, আউশ ও বোরো চাষাবাদ করে আসছেন। এ ছাড়া প্রতি শুষ্ক মৌসুমে ছড়ার পানি দিয়ে ৫০ একরের বেশি জমিতে আলু, মরিচ, বেগুন, ফুলকপি, বাঁধাকপিসহ নানা রকম সবজি চাষ করেন। কিন্তু ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী গ্রামের নুর আহমদের ছেলে (সরফভাটা ইউনিয়ন পরিষদের সচিব) খোরশেদ আলম এবং পদুয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত নুর বদনের ছেলে সৈয়দ আহমদ গত বছরের ডিসেম্বরের শুরুতে ছড়াটির ওপর মাটির বাঁধ তৈরি করে মাছ চাষ শুরু করেন। এতে ছড়ার পানি বাঁধের ওপরে আটকে যায়। নিচে পানি না পেয়ে গ্রামের অনেক কৃষক চলতি শুষ্ক মৌসুমে সবজিখেত করতে পারেননি। প্রায় ৩০ হেক্টর জমিতে সবজিখেত ক-রলেও সেগুলো পানির অভাবে মরে গেছে। এ ছাড়া পানির অভাবে চলতি মৌসুমে ছড়ার আশপাশের ১৫০ হেক্টর জমিতে কৃষকেরা বোরো চাষাবাদ করতে পারছেন না।কৃষক নুরুজ্জামান অভিযোগ করেন, খোরশেদ আলম সরফভাটা ইউনিয়ন পরিষদের বর্তমান সচিব। সরকারি কর্মকর্তা হিসেবে প্রভাব খাটিয়ে তিনি ছড়ার ওপর বাঁধ তৈরি করে মাছ চাষ করেছেন। বাঁধ ভেঙে পানি চাইতে গেলে তিনি কৃষকদের গুলি করে মারার হুমকি দেন।এ প্রসঙ্গে খোরশেদ আলম জানান, মাছ চাষের জন্য প্রাকৃতিক এ ছড়ায় বাঁধ দেওয়া হয়েছে। বাঁধটি ভেঙে দিলে প্রায় লাখ টাকার মাছ হারিয়ে যাবে। এতে তিনি অনেক ক্ষতির শিকার হবেন। তবে তিনি স্বীকার করেন, ছড়াটি তাঁর দখলে রয়েছে।নারিশ্চা বনবিটের কর্মকর্তা আবদুল হামিদ জানান, ছড়াটি সংরক্ষিত বনাঞ্চলের। প্রাকৃতিক এ ছড়াটি দখল করে বাঁধ দিতে গিয়ে দখলদারেরা নিকটস্থ পাহাড়ও কেটে ফেলেছে। এতে এলাকায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন জানান, মাছ চাষের জন্য ছড়ায় বাঁধ দিয়ে চাষাবাদ বন্ধ করে দেওয়া ন্যায়সঙ্গত নয়। এক ব্যক্তির স্বার্থের জন্য শত শত কৃষকের ক্ষতি মেনে নেওয়া যায় না। ইউএনও তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে জানান, প্রাকৃতিক ছড়ায় বাঁধ দিয়ে মাছ চাষের কোনো নিয়ম নেই। চাষাবাদ রক্ষায় বাঁধটি ভেঙে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।