ছড়িয়ে পড়ছে কালাগুল চা-বাগানের আন্দোলন
মজুরি বৃদ্ধির দাবিসহ ১০ দফা দাবিতে গত ১ জুলাই থেকে সিলেটের কালাগুল চা-বাগানে চা-শ্রমিক সংঘের ধর্মঘট চলছে। দাবি পূরণে মালিকপক্ষ উদ্যোগী না হওয়ায় কালাগুল চা-শ্রমিকদের আন্দোলন সিলেটের অন্যান্য চা-বাগানেও ছড়িয়ে পড়ছে। গতকাল শনিবার দুপুরে কালাগুল চা-বাগানের ধর্মঘটি চা-শ্রমিকেরা এক সভায় মিলিত হয়ে অন্যান্য চা-বাগানেও আন্দোলন সূচনার বিষয়ে আলোচনা করেন।
ধর্মঘটি শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে গতকাল সিলেটের মালনী ছাড়া চা-বাগানের চা-শ্রমিক সংঘ ও সিলেট স মিল শ্রমিক সংঘ সমাবেশ করেছে। আজ রোববার সিলেটের জেলা প্রশাসকের কাছে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে সিলেটের অন্যান্য চা-বাগানের সঙ্গে যুগপৎ আন্দোলন পরিচালনার বিষয়ে তৎপরতা চালাবেন বলে চা-শ্রমিক সংঘের নেতারা জানিয়েছেন।
চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে কালাগুল চা-বাগানে ১ জুলাই থেকে চা-শ্রমিক সংঘ ধর্মঘট আহ্বান করে। এই ধর্মঘটের বিষয়ে কালাগুল চা-বাগান কর্তৃপক্ষ সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদকে সমঝোতার দায়িত্ব দেয়।
ধর্মঘটি চা-শ্রমিকদের দাবি, কালাগুলে চা-শ্রমিকদের মজুরি বাড়ানো হলে সিলেটের আরও ২২টি বাগানে মজুরি বাড়াতে হবে—এ আশঙ্কায় আওয়ামী লীগের নেতারা আগে কাজে যোগদান, পরে মজুরি বাড়ানোর শর্তে আলোচনার আহ্বান জানান। এতে চা-শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ নিয়ে ২ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘মুখে প্রতিবাদ, বুকে আর্তনাদ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
টানা দুই মাস ধর্মঘট অব্যাহত রেখে চলতি মাসের প্রায় এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও কালাগুল চা-বাগান চালুর ব্যাপারে মালিকপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় গতকাল সকালে কালাগুল চা-বাগানে কর্মরত শ্রমিকেরা সভায় মিলিত হন। সকাল ১০টায় কালাগুল চা-বাগানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভাষান ছত্রী। সভায় চা-শ্রমিক মঙ্গল চাষা, সুলচনা বুনার্জি, অন্নদা বাড়াইক, গণেশ চাষা, জামিলা বেগম, কানন রায়, জুটন বুনার্জি প্রমুখ বক্তব্য দেন।
কালাগুল চা-বাগানের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে গতকাল সকালে সিলেটের মালনী ছড়া চা-বাগানে চা-শ্রমিক সংঘের সংহতি সমাবেশ হয়েছে। দাবি পূরণ করে কালাগুল চা-বাগান দ্রুত চালুর দাবিতে মালনী ছড়ার বাংলোর সামনে এ সমাবেশ হয়। বিকেলে সিলেট শহরতলির সুরমা পয়েন্টে কালাগুল চা-বাগানের ধর্মঘটি শ্রমিকদের পক্ষে সংহতি সমাবেশ করে সিলেট স মিল শ্রমিক সংঘ।