ছড়িয়ে পড়ছে নকল মাদক মৃত্যুঝুঁকিতে সেবনকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে আসা ফেনসিডিল দুষ্প্রাপ্য হয়ে পড়ায় বাজারে ছড়িয়ে পড়েছে কোমল পানীয়র সঙ্গে ইয়াবামিশ্রিত নতুন মাদক (নকল ফেনসিডিল) এবং ভারতীয় কফের সিরাপে ‘রিকোডেক্স’। নকল ফেনসিডিল সেবনে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে। পুলিশের একাধিক কর্মকর্তা, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক ও মাদকাসক্ত রোগ বিশেষজ্ঞ অনুপম দাস বলেন, বেশি পরিমাণ ইয়াবাযুক্ত মাদক সেবন করলে মানুষের অসুস্থতা ও অস্থিরতা বেড়ে যায়। আর ঘুমের বড়ি মিশ্রিত মাদক সেবন করলে অচেতন হয়ে পড়তে পারে। অতিরিক্ত সেবনে মানুষের মৃত্যুও হতে পারে।ভারতীয় কর্তৃপক্ষ সীমান্তবর্তী জেলাগুলোর অবৈধ ফেনসিডিলের কারখানা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে ফেনসিডিলের সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, ফেনসিডিলের বাজার দখল করছে ভারতের তৈরি কফের সিরাপ রিকোডেক্স। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রিকোডেক্সের বেশ কয়েকটি চালান আটকও করেছে। ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম মনে করেন, উৎস থেকে সরবরাহ বন্ধ ও পুলিশের তৎপরতাই দেশে ফেনসিডিলের দুষ্প্রাপ্যতার মূল কারণ।মাদকসেবী, ব্যবসায়ী ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলা হয়ে প্রতিদিন হাজার হাজার বোতল ফেনসিডিল ঢুকত বাংলাদেশে। এরপর বিভিন্ন প্রক্রিয়ায় তা পৌঁছে যেত মাদক ব্যবসায়ীদের কাছে। আর তাদের মাধ্যমেই পৌঁছে যেত মাদকসেবীদের হাতে। মানিকগঞ্জ, ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই ও রাজধানীতে ফেনসিডিল আসত যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরা থেকে। বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলায় বেশির ভাগ ফেনসিডিল ঢুকত কুমিল্লা হয়ে।একাধিক সূত্র থেকে জানা গেছে, মাস দেড়েক আগে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের এক বৈঠকে ভারতের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় প্রায় অর্ধশত কারখানায় অবৈধভাবে ফেনসিডিল উৎপাদনের বিষয়টি আলোচিত হয়। বৈঠকের পর ভারতের আইনপ্রয়োগকারী সংস্থাগুলো ওই সব কারখানা বন্ধ করে দেয়। এর পর থেকেই বাংলাদেশে ফেনসিডিল সরবরাহে সংকট দেখা দিয়েছে। এ কারণে রাজধানীসহ ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই ও কেরানীগঞ্জ, গাজীপুরের টঙ্গী ও কাশিমপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং কুমিল্লার মাদকসেবীরা বিকল্প হিসেবে বেছে নিয়েছে ভারতীয় কফের সিরাপ রিকোডেক্স। প্রতিদিন শত শত বোতল রিকোডেক্স ঢুকছে কুমিল্লা, যশোর ও সাতক্ষীরা হয়ে। রিকোডেক্সসেবীরা জানায়, রিকোডেক্সে নেশার ধরন ফেনসিডিলের মতোই। দামও কম। এক বোতল রিকোডেক্স বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়।তবে প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, বোতলে ভরা ফেনসিডিলের পরিবর্তে বিক্রি হচ্ছে একধরনের নেশাজাতীয় তরল পদার্থ। কোমল পানীয়ের সঙ্গে ইয়াবা মিশ্রিত নকল এই ফেনসিডিল বিক্রি হচ্ছে পলিথিন ও বাইসাইকেলের টিউবে ভরে। বর্তমানে এর মূল বাজার মানিকগঞ্জ, সাভার ও আশুলিয়া। কম দাম ও সহজ লভ্যতার কারণে মাদকাসক্ত লোকেরা ফেনসিডিলের বিকল্প হিসেবে বিশেষ ধরনের ওই তরল পদার্থের প্রতিই ঝুঁকে পড়ছে। সাভারের বখতারপুর এলাকার রাজেদা বেগম, আলমগীর হোসেন, মেজরসহ আশুলিয়ার কয়েকজন মাদক ব্যবসায়ী এই মাদক তৈরি করে বিক্রি করছেন।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, এ ধরনের কোনো তথ্য তাঁদের কাছে নেই। তবে খোঁজখবর নিয়ে এর বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে। ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে গত ৩ অক্টোবর সাভারে জোড়া খুনের ঘটনার পর সাভারের মাদক চক্রের হোতা মেজর, রাজেদা, বিবি, আয়নাল মেম্বারসহ বেশ কিছু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কয়েক দিন পরই তাঁরা ছাড়া পেয়ে যান। সহজে ছাড়া পাওয়ার কারণেই তাঁরা পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন। তিনি জানান, বাংলাদেশে বাজারজাত করার জন্য সীমান্তবর্তী বিভিন্ন জেলায় অবৈধভাবে ফেনসিডিল তৈরি করা হতো। বর্তমানে ওই সব উৎসস্থল বাধাগ্রস্ত হওয়াসহ পুলিশি তৎপরতা বাড়ার কারণে ফেনসিডিলের সংকট দেখা দিয়েছে।এদিকে নকল ফেনসিডিল খেয়ে মাদকসেবীরা অসুস্থ হয়ে পড়ছে। নকল ফেনসিডিল খাওয়ার কিছুক্ষণ পরই মাথা ঘুরতে থাকে। একপর্যায়ে তারা অচেতন হয়ে পড়ে। গত বুধবার সন্ধ্যায় সাভারের বক্তারপুর এলাকায় (বেদেপাড়া) এই মাদক সেবন করে কমপক্ষে ১০ জন অচেতন হয়ে পড়ে। এর আগে গত সোমবার আশুলিয়ার কাঠগড়া এলাকার কয়েকজন বিশেষ ধরনের ওই তরল পদার্থ খেয়ে অসুস্থ হয়ে পড়ে।মানিকগঞ্জের পুলিশ সুপার মো. মাসুদ করিম বলেন, বাংলাদেশে ফেনসিডিলের প্রচুর চাহিদা। চাহিদা থাকলে সরবরাহ থাকবেই। মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত থাকার পরও তা বন্ধ করা সম্ভব হচ্ছে না।