ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নে গত সোমবারের ঝড়ে ক্ষতিগ্রস্ত চার হাজার পরিবার পাঁচ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ।ভোলা থেকে ১১৫ কিলোমিটার দূরে সাগর মোহনায় মেঘনার মধ্যে জেগে ওঠা মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন। গতকাল শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, দুটি ইউনিয়ন বিধ্বস্ত করে দিয়ে গেছে সোমবারের শীলাঝড়। ইউনিয়ন দুটির আটটি গ্রামের প্রতিটি ঘরের চালা ও বেড়া কাগজের মতো টুকরা টুকরা হয়ে গেছে। শত শত গাছ উপড়ে পড়ে আছে। প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে। মরে গেছে অনেক গবাদিপশু। গাছের পাতা, মরা গবাদিপশু ও পাখি পচে বিল, পুকুর ও খালের পানি দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। পানি পচে খেতের ফসল ও গাছ মরে যাচ্ছে। পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু, নারী ও বৃদ্ধ।পাঁচ দিন ধরে খোলা আকাশের নিচে বসবাস করা উত্তর সাকুচিয়া ইউনিয়নের চর গোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর পেশায় একজন মাঝি। সোমবার ঝড়ে ঘরচাপায় তাঁর ছয় বছরের মেয়ে রাবেয়া মারা গেছে। শীলার আঘাতে ঘরের চাল চালুনের মতো ঝাঁঝরা হয়ে গেছে। জাহাঙ্গীর ঘর, আসবাব ও খেতের ফসল হারিয়ে এখন দিশেহারা। ঘরে তাঁর কোনো খাবার নেই। দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সাকুচিয়া গ্রামের পাটওয়ারী বাড়ির জাহাঙ্গীর মাঝি (৫৬) জানান, নদীতে এখন মাছ ধরা নিষেধ। এক খণ্ড জমিতে চাষাবাদ করে দিন যাচ্ছিল। কিন্তু সোমবারের শীলাঝড়ে সব শেষ হয়ে গেছে। সব ঘর ঝাঁঝরা হয়ে গেছে; আসবাব, চাল, দুই গণ্ডা জমির মরিচ, দুটি হালের গরু, দুটি মুরগিসহ সব উড়িয়ে নিয়ে গেছে। সোমবার শুরু হওয়া বৃষ্টি আর শেষ হয়নি। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সঙ্গে বাতাস। এ জন্য ঘরে রান্না করা যাচ্ছে না। রাতে খাটের তলায় মাথা গুঁজে থাকতে হচ্ছে। জাহাঙ্গীরের স্ত্রী পারভীন বলেন, ‘কী কমু লাজের কথা, বাইরে-ঘরে যাওনের বদনাডাও উড়াইয়্যা নিছে।’ উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুর রহিম মাঝি (৫৫) বলেন, ‘পাঁচ দিন খাইয়্যা না-খাইয়্যা দিন যায়।’ঝড়ে দুই ইউনিয়নের দুই শতাধিক নারী, বৃদ্ধ ও শিশু আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত লোকজন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এখনো ৩০ জন সেখানে চিকিৎসা নিচ্ছে। আর এখন খাল-পুকুর ও বিলের পানি পচে দুর্গন্ধে ঘরে ঘরে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ দেখা দিয়েছে। বেশির ভাগ শিশু শ্বাসকষ্টে ভুগছে। উত্তর সাচুরিয়া ইউনিয়নের হাজেরা বিবি (৩৪) বলেন, শীল পড়ে তাঁর হাত, গলা ও কপাল লাল হয়ে গেছে। প্রতিদিন বৃষ্টিতে ভিজে প্রতি রাতে তাঁর জ্বর ওঠে। ‘বিষ-ব্যথায় সমস্ত শরীর কামড়ায়। কিন্তু পয়সার অভাবে ওষুধ খেতে পারছি না।’ আনোয়ারা বেগম (৩২) বলেন, ‘বাতই খাইতাম পারি না, ওষুদ খামু ক্যামনে।’ভোলার সিভিল সার্জন ফরিদ আহামঞ্চদ প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ চিকিৎসক দল গঠন করা হয়েছে। স্থায়ী দুর্গত এলাকায় পানি বিশুদ্ধকরণ বড়িসহ ওষুধ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।এদিকে, সোমবারের পর থেকে এক দিনের জন্যও মনপুরায় বৃষ্টি বন্ধ হয়নি। বৃহস্পতিবার বজ্রপাতে কলাতলী চরের লোকমান (২২) মারা গেছেন। এ ছাড়া ওই চরের হোসনেয়ারা (১১), সোহেলসহ (৮) তিনজন আহত হয়ে চিকিৎসাধীন। বজ্রপাতে একই চরের হাফিজুল্যাহ মাঝির একটি মহিষসহ পাঁচটি গবাদিপশু মারা গেছে। উত্তর সাকুচিয়ার বাকের মাঝি (৫৬) জানান, শীলাঝড়ের পরে বৃষ্টি-বাতাস না থামায় ক্ষতিগ্রস্ত লোকজন আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে।মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা অহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা এ পর্যন্ত ৩০ টন চাল ও এক লাখ টাকা বিতরণ করেছেন। তবে ক্ষতির তুলনায় তা অপ্রতুল। স্থানীয় সাংসদ আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব বলেন, মনপুরায় চার হাজার পরিবার একদম নিঃস্ব হয়ে গেছে। তাদের পর্যাপ্ত টিন, খাদ্যশস্য ও নগদ টাকা অনুদান দেওয়া দরকার। তা না হলে পরিবারগুলো আরও ক্ষতির সম্মুখীন হবে।