কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা হরিজন কলোনির পান্নালাল বাশফোরসহ আরও দুজন তথ্য অধিকার আইনের আওতায় ২০১১ শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষায় সব অংশগ্রহণকারীর খাতা ও প্রাপ্ত নম্বরপত্রের তালিকা চেয়ে আবেদন করেন। তাঁরা যা চেয়েছিলেন, তা দিতে পারেননি কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষিকা।গতকাল মঙ্গলবার তথ্য চাওয়া ও তথ্য দিতে না পারা এই বাদী ও বিবাদী উপস্থিত হন আদালতে। প্রধান শিক্ষিকা জানান, তাঁর কাছে এ সংক্রান্ত তথ্য নেই। কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসকের কাছে সব তথ্য জমা দিয়েছিলেন তিনি। আদালত প্রধান শিক্ষিকাকে আগামী ২০ কর্মদিবসের মধ্যে বাদী পান্নালালসহ সংশ্লিষ্টদের তথ্য দেওয়ার আদেশ দেন। আগারগাঁওয়ে তথ্য কমিশনের কার্যালয়ে প্রতিটি শুনানির শুরুতেই দুই পক্ষকে শপথবাক্য পাঠ করানো হয়। এরপর শুরু হয় আদালতের জেরা। বাদী ও বিবাদী জবাবদিহি করেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, তথ্য কমিশনার আবু তাহের এবং তথ্য কমিশনার সাদেকা হালিমের কাছে।গতকাল ছিল তথ্য কমিশনের ২০১২ সালের প্রথম শুনানি। গতকাল তথ্য চেয়ে আবেদন করা ছয়টি অভিযোগের নিষ্পত্তি করা হয়। আজ বুধবার ও কাল বৃহস্পতিবারও ছয়টি করে ১২টি অভিযোগের শুনানি হবে। কমিশনের কার্যালয়ে যে কক্ষে শুনানি হয় তা পুরোপুরি আদালতের আঙ্গিকে সাজানো। তথ্য অধিকার আইনটি না জানা, সমন জারির পরও যথাযথ তথ্য নিয়ে না আসার জন্য কমিশনাররা কৈফিয়ত চান বিবাদীপক্ষের কাছে। একেকটি শুনানি শেষে প্রধান তথ্য কমিশনার বাদী ও বিবাদীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের জনগণের অধিকার আছে তথ্য জানার। তেমনিভাবে তিনি যেসব তথ্য চান তা দিতেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাধ্য। গতকাল বরিশালের আবদুল হাকিম, ফেনীর আবু তাহের, রংপুরের শাহাদত আলী আহমেদের করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।