ছয় অস্ত্রধারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান অপু, সৌরভ আচার্য ও আলতাফ হোসেন মুরাদ
সালমান অপু, সৌরভ আচার্য ও আলতাফ হোসেন মুরাদ

সিলেটের এমসি কলেজে প্রকাশ্যে দা, রড উঁচিয়ে ছাত্রদলকে ধাওয়াকারী ব্যক্তিদের মধ্যে ছয়জন অস্ত্রধারীর পরিচয় উদ্ঘাটন করে পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিলের পরপরই ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁরা হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরবাগ গ্রামের বাসিন্দা সৌরভ আচার্য (২৬), সিলেট মহানগরের শাহপরান থানা এলাকার সাদিপুরের তারেক আহমদ (২৩), সুনামগঞ্জের দিরাইয়ের নগদীপুরের মো. রবিউল হাসান (২২), সিলেটের মোগলাবাজারের দাউদপুরের আলতাফ হোসেন মুরাদ (২৩), শাহপরান থানার মিরাপাড়ার সালমান অপু ওরফে শামছুল ইসলাম অপু (২৪) ও সিলেটের কানাইঘাট উপজেলার ফকিরেরগাঁওয়ের আপন (২৩)।
ছয়জনই এমসি কলেজের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত নিয়মিত ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে পুলিশের তদন্ত প্রতিবেদনে ছয়জনের পূর্ণ ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকার তথ্য উল্লেখ করা হলেও রাজনৈতিক পরিচয় দেওয়া হয়নি। ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার বিষয়ে প্রতিবেদন দাখিল করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা রেকর্ডভুক্ত করারও নির্দেশ হওয়ায় ছয়জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তারেক আহমদ, আপন (বাঁয়ে) ও রবিউল হাসান l ফাইল ছবি
তারেক আহমদ, আপন (বাঁয়ে) ও রবিউল হাসান l ফাইল ছবি

ছাত্রদলের এমসি কলেজ শাখার আহ্বায়ক কমিটি হওয়ায় গত ৩০ জানুয়ারি নবগঠিত কমিটিকে নিয়ে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল করার সময় ছাত্রলীগের একটি পক্ষ প্রকাশ্যে দা, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উঁচিয়ে ছাত্রদলকে ধাওয়া করে ক্যাম্পাসছাড়া করে। পরদিন প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সচিত্র প্রতিবেদন ছাপা হলে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো ফৌজধারী কার্যবিধির (কোড অব ক্রিমিনাল প্রসিডিওর) ১৮৯৮-এর ২৫ ধারার ক্ষমতাবলে এক আদেশে ধাওয়াকারী ব্যক্তিদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন সাত দিনের মধ্যে দাখিল করতে মহানগর পুলিশকে নির্দেশ দেন।
আদালতের স্বপ্রণোদিত ওই আদেশে ৩১ জানুয়ারি প্রথম আলোর ৫ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত ‘দা উঁচিয়ে ছাত্রদলকে ধাওয়া’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়টি উল্লেখ করে বলা হয়, ‘এতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট বিবরণ রয়েছে। প্রকাশিত এই খবরে জনমনে এবং ঘটনাস্থল এমসি কলেজের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ভীতি ও উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে মর্মে প্রতীয়মান হয়।’
আদেশে আরও বলা হয়, ‘সিলেট এমসি কলেজ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে। যা বারবার জাতীয় পত্রিকার শিরোনাম হচ্ছে। এই ঘটনা জনশৃঙ্খলা ও আইনের শাসনের প্রতি চরম হুমকিস্বরূপ। উল্লেখিত কারণে ও অবস্থার পরিপ্রেক্ষিতে পত্রিকায় প্রকাশিত উক্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কারা, কীভাবে দায়ী—তা শনাক্তপূর্বক সংঘটিত ঘটনা তদন্ত হওয়া প্রয়োজন মনে করি বিধায় প্রথম আলো পত্রিকায় বর্ণিত সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি উপযুক্ত তদন্ত করে পুলিশ কমিশনারকে প্রতিবেদন দাখিল করতে বলা হলো।’ আদালত সূত্র জানায়, এ নির্দেশ অনুযায়ী পুলিশ দুই দফা সময় বর্ধিত করে গত সোমবার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। গতকাল শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ২৫ ধারার ক্ষমতাবলে প্রদত্ত আদেশের পরিপ্রেক্ষিতে এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনারের (সদর) দাখিল করা তদন্ত রিপোর্ট পর্যালোচনা করা হলো। তদন্ত রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, ৩১ জানুয়ারি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সচিত্র প্রতিবেদনে বর্ণিত সশস্ত্র সন্ত্রাসীদের শনাক্ত ও চিহ্নিত করা হয়েছে।