ছয় আদিবাসী পরিবারকে উচ্ছেদ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশে পুলিশ প্রশাসনের সহযোগিতায় রাজশাহীর তানোর উপজেলায় গত রোববার ছয়টি আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর করে উচ্ছেদ করেছেন রাজশাহী পশ্চিম জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল কাদের।
এর প্রতিবাদে গতকাল সোমবার উপজেলার মাহালীপাড়া এলাকায় আদিবাসীদের নিয়ে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা ওই কর্মসূচিতে জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা শাখার প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডি, সভাপতি বিমলচন্দ্র রাজুয়ার, গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি নন্দ্রনাল টুডু, তানোর উপজেলা শাখার সভাপতি প্রদীপ, বেসরকারি সংস্থা আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার শাও, আদিবাসী নেতা নিকোলাস প্রমুখ উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী আদিবাসীরা জানান, উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার মাহালীপাড়া গ্রামের জহন হাঁসদা, লগেন মুর্মু, কবিরাজ মুর্মু, আনজিলা টুডু, সমুরা টুডু এবং লতিয়া কিস্কু ৩০ বছর ধরে ওই জমিতে বাড়িঘর তুলে বাস করে আসছিলেন। এটি একটি ভিপি সম্পত্তি। ২০১১ সালের ৩১ মে ওই আদিবাসীরা তানোরের সহকারী কমিশনারের কাছ থেকে ১৪১৮ বাংলা সন পর্যন্ত পাঁচন্দর মৌজার সরকারের ভিপি সম্পত্তির ৮৪ নম্বর দাগের ৩২ শতাংশ জমির ডিসিআর কেটে নেন। এ জন্য তারা একরপ্রতি দুই হাজার টাকা করে সালামি দেন।
এদিকে রাজশাহী পশ্চিম জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল কাদের, তাঁর চাচা ফজলুর রহমান এবং এসতাব আলী ওই জমির মালিকানা দাবি করে ২০০৩ সালে তানোর সহকারী জজ আদালতে মামলা করেন। ওই ব্যক্তিদের বাড়ি মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর গ্রামে। ওই মামলায় ২০১৩ সালের ডিসেম্বর মাসে আদালত থেকে তাঁরা একতরফা ডিগ্রি পান। এরপর রোববার আবদুল কাদের তাঁর লোকজন এবং পুলিশ নিয়ে ওই জমিতে থাকা বসতবাড়ি ভাঙচুর করে ছয়টি আদিবাসী পরিবারকে উচ্ছেদ করেন।
জানতে চাইলে শিবির নেতা আবদুল কাদের বলেন, নালিশি সম্পত্তি তাঁদের অনুকূলে আদালত ডিগ্রি প্রদান করেছেন। ওই ডিগ্রির বলে পুলিশ তাঁদের সম্পত্তি বুঝে দেওয়ার জন্য সহায়তা করেছেন।