ছয় আসামি গ্রেপ্তার! নিহতের মোটরসাইকেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা আদালতের তরুণ আইনজীবী সোহেলুর রহমান (৩০) নৃশংসভাবে নিহত হওয়ার ছয় দিনের মাথায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল মঙ্গলবার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তার দুজনের জিম্মা থেকে নিহত সোহেলের ব্যবহূত মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার করে। গোয়েন্দা পুলিশ সাংবাদিকদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানালেও বিভিন্ন সূত্র থেকে ছয়জনকে গ্রেপ্তারের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।সূত্রমতে, আইনজীবী সোহেল হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন সাইদুর রহমান (৩০) ওরফে বাড্ডা সাইদুরকে গোয়েন্দা পুলিশ গতকাল ভোরে জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় তাঁর নানাবাড়ি থেকে গ্রেপ্তার করে। কিন্তু তাঁকে গ্রেপ্তারের কথা সংশ্লিষ্ট ব্যক্তিরা অস্বীকার করেছেন। সাইদুরের ভাই হাবিবুর রহমান ভাইয়ের গ্রেপ্তার হওয়ার সত্যতা নিশ্চিত করেন। সাইদুরের পরিবারের একাধিক সদস্য এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন বলে জানা গেছে।২৬ মে রাতে দুর্বৃত্তরা আইনজীবী সোহেলুর রহমানকে হত্যা করে। পরদিন সকালে জয়দেবপুর থানার পুলিশ সদর উপজেলার কাথোরা মৈশান বাড়ি এলাকা থেকে তাঁর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা লাশ উদ্ধার করে। ওই রাতেই নিহতের বাবা হাবিবুর রহমান দর্জি বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন। জয়দেবপুর থানার উপপরিদর্শক আবুল মনসুর মামলাটির তদন্তভার গ্রহণ করেন। অবশ্য পুলিশের সব শাখা সমন্বয় করে তদন্তকাজ চালায়।তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, মুঠোফোনের কল লিস্ট ও অপরাধের ধরন এবং পারিপার্শ্বিকতা বিবেচনা করে আসামিদের শনাক্ত করা হয়। গ্রেপ্তারের পর আসামিরা অপরাধের কথা স্বীকার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের সুবিধার্থে পুলিশ এর বেশি কিছু জানাতে অপারগতা জানায়।গাজীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. কামরুজ্জামান জানান, গতকাল জেলার বিভিন্ন স্থান থেকে মিলন খান (২০), আমির হোসেন (২০), আনোয়ার হোসেন (২৭), আশরাফুল ওরফে ইরাক হোসেন (২৫) ও মো. সবুজকে (২৪) গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আমির হোসেনের কড্ডা নান্দুয়াইন এলাকার বাড়ি থেকে নিহতের মোটরসাইকেল (গাজীপুর ল-১১-০০২২) ও সবুজের ইটাহাটা এলাকার বাড়ি থেকে মুঠোফোন উদ্ধার করা হয়।সাইদুরকে গ্রেপ্তারের প্রশ্নে জানতে চাওয়া হলে উপপরিদর্শক মো. কামরুজ্জামান মন্তব্য করেন, বিষয়টি তাঁর জানা নেই।