ছয় আসামি নতুন মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরী হেনা আক্তার হত্যা মামলায় জেলহাজত ও রিমান্ডে থাকা ছয় আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ফজলুর রহমান এই আদেশ দেন।এদিকে নতুন ওই মামলাটি তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করার জন্য পুলিশ সদর দপ্তরে আবেদন করেছে শরীয়তপুর জেলা পুলিশ। এ ব্যাপারে নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নতুন মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের জন্য এর দায়িত্ব সিআইডির কাছে ন্যস্ত করার আবেদন করেছি। তবে এ ব্যাপারে গতকাল রাত নয়টা পর্যন্ত পুলিশ সদর দপ্তর থেকে কোনো নির্দেশনা আসেনি।’আদালত সূত্র জানায়, হেনাকে ধর্ষণ ও দোররা মেরে হত্যাকাণ্ডের ঘটনায় করা নতুন মামলাটি গতকাল শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুনানি হয়। এ উপলক্ষে দুপুর একটায় জেলা কারাগার থেকে আসামি আলাবক্স করাতী, জয়নাল মীরমালত, মফিজ উদ্দিন ও শিল্পী বেগমকে আদালতে হাজির করা হয়। রিমান্ডে থাকা মামলার আসামি মাহাবুব ও ইদ্রিস শেখকে আদালতে হাজির করে সিআইডি পুলিশ। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফিরোজ আহম্মেদ এই ছয় আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারের জন্য আদালতে আবেদন করেন। বাদীপক্ষের শুনানিতে অংশ নেন আইনজীবী রওশন আরা বেগম ও রাশিদুল হাসান মাসুম। এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত আসামিদের নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এখনো ১২ আসামি গ্রেপ্তার হয়নি: ধর্ষণের পর মারধর ও ফতোয়া দিয়ে ৭০-৮০টি দোররা মারার পর গত ৩১ জানুয়ারি কিশোরী হেনার মৃত্যু হয়। এ ঘটনায় হেনার দরিদ্র বাবা দরবেশ খাঁ ১ ফেব্রুয়ারি হেনার ধর্ষক মাহাবুব, দোররার রায় দেওয়া ফতোয়াবাজ ও সহযোগী মোট ১৮ জনকে আসামি করে নড়িয়া থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ ছয় আসামিকে গ্রেপ্তার করলেও এখনো ১২ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। হাইকোর্টের নির্দেশে হেনার লাশের পুনরায় ময়নাতদন্ত হলে আগের ময়নাতদন্ত প্রতিবেদনের সঙ্গে অমিল পাওয়া যায়। হেনাকে ধর্ষণ, ধর্ষণ আড়াল করার চেষ্টা এবং দোররা মারার ফতোয়া দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নতুন করে মামলা করার নির্দেশ দেন হাইকোর্ট। নতুন মামলায় আগের করা হত্যা মামলার ১৮ জনকে আসামি করা হয়। নতুন মামলার তদন্ত কর্মকর্তা ও নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী কামাল হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে। তাঁরা আশা করছেন, জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে আরও নতুন অনেক তথ্য পাবেন।আইনজীবী নিয়োগ: হেনা হত্যা এবং ধর্ষণ, ধর্ষণ আড়াল করার চেষ্টা ও ফতোয়া দিয়ে দোররা মারার মামলা দুটিতে আইনি সহায়তা দিতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি রওশন আরা বেগমকে এবং ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি রাশিদুল হাসান মাসুমকে আইনজীবী হিসেবে নিয়োগ করেছে। তাঁরা বাদীর পক্ষে রাষ্ট্রপক্ষকে সহায়তা করবেন।হেনা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মনিরুজ্জামান জানান, ‘দুই আসামি মাহাবুব ও ইদ্রিসকে জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি, দু-এক দিনের মধ্যেই তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নথিভুক্ত করা যাবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ আরও তিন দিন সময় পেল তদন্ত কমিটি: হেনাকে দোররা মারা এবং হত্যাকাণ্ডের আগে ও পরে স্থানীয় প্রশাসনের কোনো দুর্বলতা ছিল কি না, এ বিষয়ে তদন্তের জন্য জেলা প্রশাসনের গঠিত কমিটি আরও তিন দিন সময় পেয়েছে। গত বৃহস্পতিবার ওই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবি আবদুল্লাহ বলেন, ‘আমাদের তদন্ত কার্যক্রম প্রায় গুছিয়ে এনেছি। আশা করি মঙ্গলবার নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।’