ছয় আসামি পলাতক, বাকিরা জামিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়াদ ইবনে মোমতাজ
সায়াদ ইবনে মোমতাজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হলো আজ ১ এপ্রিল। ২০১৪ সালের এই দিনে নিজ সংগঠনের নেতা-কর্মীদের পিটুনিতে মারা যান তিনি। তখন লাশ নিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সায়াদের বাবা বলেছিলেন, ‘আমি কোনো মামলা করব না। কারণ, এর বিচার কখনোই পাব না।’
সায়াদের বাবার এই আশঙ্কাই এখন সত্যি হতে চলেছে। কারণ, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের করা মামলার আসামি ১৪ জন ছাত্রলীগ নেতার আটজন জামিনে ও ছয়জন ‘পলাতক’ রয়েছেন। সায়াদ মাৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতক শেষ বর্ষের ছাত্র ও আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০১৪ সালের ৩১ মার্চ পরীক্ষা-সংক্রান্ত বিষয় এবং শ্রেণি প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা সুজয় কুমার ও রোকনুজ্জামান আশরাফুল হক হলের একটি কক্ষে সায়াদকে ডেকে নিয়ে যান। সেখানে অন্য নেতাদের সঙ্গে নিয়ে তাঁকে পেটানো হয়। ওই রাতে সায়াদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে ময়মনসিংহের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দীন হাওলাদার ময়মনসিংহ কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
সায়াদের মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের দাবির মুখে ২০১৪ সালের ৯ এপ্রিল ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এ ঘটনায় আরও কয়েকজন ছাত্রলীগ নেতা জড়িত বলে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকে। পরে সম্পূরক তদন্ত কমিটি করা হয়। এই কমিটির সুপারিশে ছাত্রলীগের আরও সাতজন নেতা-কর্মীকে শাস্তির সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলার তদন্ত শেষে ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযুক্ত ব্যক্তিরা হলেন সুজয় কুমার, রোকনুজ্জামান, সাদেকুর রহমান, রোকন, রেজাউল করিম, নাজমুল শাহাদাত, মুনতাকা মুফরাত, অন্তর চৌধুরী, সুমন পারভেজ, মিজানুর রহমান, ফয়সাল ইসলাম, মনোয়ারুল ইসলাম, হাসান মাহমুদ ও প্রশান্ত দে। আদালত সূত্রে জানা গেছে, এ মামলার পরবর্তী শুনানি ৭ জুন অনুষ্ঠিত হবে। অভিযুক্ত ব্যক্তিদের প্রথম আটজনকে বিভিন্ন সময়ে পুলিশ গ্রেপ্তার করেছিল। এঁদের সবাই জামিনে আছেন। বাকি ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। কিন্তু পুলিশের কাছে এঁরা আজও পলাতক। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।