চট্টগ্রামের সাতকানিয়ার আওয়ামী লীগের নেতা নলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলার অন্যতম আসামি তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবদুল মোনাফসহ ছয় আসামিকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় নারাজি আবেদন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এ এফ এম মোস্তফার আদালতে এই আবেদন করেন মামলার বাদী নিহতের বাবা আহমদ হোসেন। আদালত শুনানির জন্য ২০ মার্চ দিন ধার্য করেছেন।
বাদীর আইনজীবী জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, ‘সিআইডির দাখিল করা অভিযোগপত্রে আসামি আবদুল মোনাফ, ওসমান গণি চৌধুরী, আবু তাহের, শওকত আলী, এনামুল হক ও সরওয়ার আলমকে বাদ দেওয়া হয়। এ ছাড়া জড়িত বাকি ব্যক্তিদের শনাক্ত না করে দায়সারা প্রতিবেদন জমা দেওয়া হয়। এ অভিযোগপত্রের বিরুদ্ধে বিচারিক হাকিম আদালতে নারাজি আবেদন দিলে শুনানি শেষে তা খারিজ করে দেওয়া হয়। এ কারণে জেলা ও দায়রা জজ আদালতে আবারও নারাজি আবেদন করা হয়েছে। আদালত তা গ্রহণ করে ২০ মার্চ শুনানির দিন ধার্য করেছেন।’
২০১১ সালের ২৬ ডিসেম্বর সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের নিজ বসতবাড়িতে নুরুল আবছারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন নিহতের বাবা সাতকানিয়া থানায় মামলা করেন।
তদন্ত শেষে সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্রু গত বছরের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।