ছয় আসামির পক্ষে লিখিত যুক্তি জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় ছয় আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা অস্ত্র খালাসের সঙ্গে জড়িত নন দাবি করে লিখিত যুক্তি জমা দিয়েছেন আদালতে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে এই লিখিত যুক্তিগুলো জমা দেওয়া হয়।
ছয় আসামি হলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহমেদ ও সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন (পলাতক), আটক মহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক এনামুল হক এবং প্রধান আসামি হাফিজুর রহমান।
মামলার বাদী ও প্রথম তদন্ত কর্মকর্তা আহাদুর রহমানকে আবার জেরা এবং আদালত পরিবর্তনের বিষয়ে নির্দেশনা চেয়ে করা আবেদনের ওপর আগামী সোমবার আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল তিন আসামির করা এ-সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে এ দিন ধার্য করেন।
আবেদনকারীরা হলেন এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মো. আবদুর রহিম, সাবেক উপপরিচালক লিয়াকত হোসেন ও সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান।
৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। ১৩ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিন আদালত আদেশ দেন, আসামিপক্ষের আইনজীবীদের কারও কোনো বক্তব্য থাকলে তা ২৩ জানুয়ারির মধ্যে লিখিতভাবে জমা দিতে হবে।
অস্ত্র আটক ও চোরাচালানের আলাদা মামলায় আসামিদের পক্ষে লিখিত এসব যুক্তি প্রসঙ্গে রেজ্জাকুল হায়দারের আইনজীবী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রেজ্জাকুল হায়দারকে জড়িয়ে সাক্ষ্য দিয়েছিলেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর সাদিক হাসান রুমি, ডিটাচমেন্ট কমান্ডার কর্নেল রেজাউর রহমান, সিআইডির ডিআইজি ফররুখ আহমেদ ও সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক। কিন্তু তাঁদের বক্তব্যে বৈপরীত্য রয়েছে। এ ছাড়া আসামি শাহাবুদ্দিন রেজ্জাকুলকে জড়িয়ে ১৬৪ ধারায় যে জবানবন্দি দিয়েছেন, পরে তা প্রত্যাহারের আবেদন করেছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ বলেন, রাষ্ট্রপক্ষ আশাবাদী যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে।