সিলেটে বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলায় অভিযুক্ত ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ (চার্জ) গঠিত হবে ২০ জুন। গতকাল মঙ্গলবার মামলার ধার্য তারিখে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন।
এ সময় ছয় আসামির মধ্যে কারাবন্দী তিন আসামিকে আদালতে হাজির করা হয়। বাকি তিনজন পলাতক থাকায় অভিযোগ গঠন পিছিয়েছে বলে আদালতের বেঞ্চ সহকারীর দপ্তর প্রথম আলোকে নিশ্চিত করেছে। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে ৮ মে ছয়জনকে অভিযুক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া সম্পূরক অভিযোগপত্র আদালতে গৃহীত হয়। অভিযুক্ত ছয়জনের মধ্যে আবুল হোসেন ওরফে আবুল হুসাইন, ফয়সাল আহমেদ ও হারুন অর রশিদ পলাতক। কারাবন্দী আছেন মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহি ওরফে ইবনে মইন, আবুল খায়ের রশিদ আহম্মেদ ও সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান।
২০১৫ সালের ১২ মে সকালে কর্মস্থলে যেতে বাসা থেকে বের হয়ে সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে অনন্ত বিজয় দাশকে (৩২)। অনন্ত পূবালী ব্যাংকের জাউয়াবাজার শাখায় ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন। ব্যাংকার পেশার পাশাপাশি তিনি বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লেখতেন।