ছয় আসামির মৃত্যুদণ্ড আটজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে আওয়ামী লীগের নেতা মো. শহীদুল আলম খান ওরফে শহীদ খান হত্যা মামলার রায়ে ছয় আসামির ফাঁসি ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া তিন সহোদর জামিনে বেরিয়ে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। অন্যরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. মোতাহার হোসেন বেলা সাড়ে ১১টার দিকে জনাকীর্ণ আদালত কক্ষে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া গ্রামের তিন আপন ভাই মোয়াজ্জেম হোসেন দুলাল, কবির রাব্বানী জুয়েল, নভেল মিয়া, আবদুর রহিম খান, মাসুম মিয়া ও বাবুল মিয়া।এ ছাড়া যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন—সকুজ মিয়া, দুলাল মিয়া, আঙ্গুর মিয়া, আবদুল আওয়াল খান, বাবু খান, আবদুল আহাদ খান, আকবর হোসেন রেনু ও সামসুল আলম সরকার।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শহীদুল আলম খানকে ২০০৬ সালের ৭ এপ্রিল সদর উপজেলার সাদুল্লারচর বাজারে প্রকাশ্যে মোয়াজ্জেম হোসেন রুবেল গং রামদা দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে নৃশংসভাবে খুন করে। ঘটনার পরদিন ৮ এপ্রিল শহীদ খানের বড় ভাই মো. ফরিদ আহম্মেদ খান বাদী হয়ে ১৫ জনকে আসামি করে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার ক্ষুব্ধ জনতা মোয়াজ্জেম হোসেন রুবেলসহ ১১ জন আসামিকে নানা সময় বিভিন্ন স্থান থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একে চাঞ্চল্যকর মামলার অন্তর্ভুক্ত করে কার্যক্রম পরিচালনা করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান তদন্ত শেষে মোয়াজ্জেম হোসেন রুবেলকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার কার্যক্রম চলাকালে আসামি আলামিন মারা যান। তা ছাড়া মামলায় আসামি তিন ভাই জামিনে ছাড়া পেয়ে বিদেশে চলে যান।সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, অনেকেই মামলাটি মীমাংসার চেষ্টা করে বিচারের পথ রুদ্ধ করতে চেয়েছিল। ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি মো. রফিকুল ইসলাম, স্পেশাল পিপি ফারুকুজ্জামান টিপু, আরকান এবং আসামিপক্ষে ছিলেন মো. মাহবুবুর রহমান।