ছয় আসামির মৃত্যুদণ্ড বহালে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আওয়ামী লীগের নেতা ও গাজীপুরের সাবেক সাংসদ আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপির নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৮২ পৃষ্ঠার রায়টি প্রকাশিত হয়।

আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে ১৫ জুন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্টের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এই মামলার রায় লেখা হয়েছে বাংলায়। মূল রায় লিখেছেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ। তাঁর সঙ্গে একমত পোষণ করে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন বেঞ্চের নেতৃত্বদানকারী বিচারপতি ওবায়দুল হাসান।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তৎকালীন সাংসদ আহসানউল্লাহ মাস্টারকে। তিনি গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সাংসদ নির্বাচিত হন।