ছয় উপজেলার বরাদ্দ কেটে দুই উপজেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলায় ২০১৪-১৫ অর্থবছরে গ্রামীণ রাস্তায় ২০টি সেতুর ১৪টিই দুই উপজেলায় নির্মাণের জন্য বরাদ্দ দেওয়ার পদক্ষেপ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর৷ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে খুশি করতে তাঁর সংসদীয় নির্বাচনী এলাকার দুই উপজেলায় এভাবে বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
ছয় উপজেলার বরাদ্দ কেটে নেওয়ায় এসব উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা (পিআইও) ক্ষোভ প্রকাশ করেছেন।
হাজীগঞ্জ পিআইওর কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ স্বাক্ষরিত একটি চিঠি গত ১১ মে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে এসেছে৷ চিঠিতে আগামী ৩০ জুনের মধ্যে সেতু নির্মাণের প্রস্তাব অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি সেতুর দৈর্ঘ্য সর্বোচ্চ ৪০ ফুট৷ প্রতিটি সেতু নির্মাণে (প্রাক্কলন অনুযায়ী) প্রায় ২০ থেকে ২২ লাখ টাকা খরচ ধরা হয়েছে৷
কচুয়ার পিআইও মো. নুরুন্নবী বলেন, ‘গত বছর আমি নীতিমালা অনুযায়ী তিনটি এবং বিশেষ বরাদ্দের আরও একটি সেতুর বরাদ্দ পেয়েছি। এবার আমাদের বরাদ্দ কেটে মন্ত্রীকে খুশি করার জন্য ওনার নির্বাচনী এলাকার দুই উপজেলায় (মতলব দক্ষিণ ও মতলব উত্তর) ১৪টি সেতু বরাদ্দ দেওয়া হয়েছে। আমি বিষয়টি চাঁদপুর-১ আসনের সাংসদকে (মহীউদ্দীন খান আলমগীর) জানিয়েছি।’ হাজীগঞ্জের পিআইও রেজাউল করিম বলেন, ‘গত বছর আমার উপজেলায় তিনটি সেতু বরাদ্দ দেওয়া হয়েছিল।’
মতলব দক্ষিণ উপজেলার পিআইও হুমায়ুন কবির বলেন, তাঁর উপজেলায় ছয়টি সেতু বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মতলব দক্ষিণের যোগাযোগব্যবস্থা অনুন্নত ও ঝুঁকিপূর্ণ। এখানে কমপক্ষে ১০০টি সেতু নির্মাণ করা দরকার। তবে মতলব উত্তরের পিআইও বেলাল হোসেন বরাদ্দকৃত সেতুর সংখ্যা উল্লেখ না করে বলেন, অধিদপ্তর যেখানে যতগুলো সেতুর চাহিদা রয়েছে সে অনুযায়ী বরাদ্দ দিয়েছে। মন্ত্রীর এলাকা বলে এখানে বিশেষ কিছু করা হয়নি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরও) রফিকুল ইসলাম বলেন, জেলায় কতগুলো সেতু বরাদ্দ দেওয়া হয়েছে এ সংখ্যা তিনি জানেন না। অধিদপ্তর থেকে কোন উপজেলায় কয়টি সেতু দরকার, সেই তালিকা সরাসরি উপজেলায় পাঠানো হয়।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দেশের বাইরে থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি৷
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, ‘বিষয়টি নিয়ে আমি অধিদপ্তরের ডিজির সঙ্গে কথা বলেছি৷ তিনি কোনো সদুত্তর দেননি। এভাবে সব ক্ষেত্রে অনিয়ম চলতে পারে না। আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাব। আপনারা এ বিষয়ে লেখালেখি করেন।’