ছয় উপজেলায় চার খুন দুজনের লাশ উদ্ধার
নেত্রকোনার আটপাড়া, কিশোরগঞ্জের হোসেনপুর, ময়মনসিংহের ভালুকা ও ফুলপুর, সুনামগঞ্জের তাহিরপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত দুই দিনে চারজন খুন হয়েছেন। এ ছাড়া আরও দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নেত্রকোনা: আটপাড়ার রূপচন্দ্রপুর গ্রামে গত রোববার রাতে আবদুল লতিফ (৪৫) নামের এক কৃষক খুন হয়েছেন। স্থানীয় লোকজন জানান, লতিফের সঙ্গে একই গ্রামের এক ব্যক্তির বিরোধ চলছিল। রোববার রাতে লতিফ বাড়ির পাশে একটি দোকানে বসে চা খাওয়ার সময় ওই ব্যক্তিসহ কয়েকজন কুড়াল দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। লতিফকে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ: স্থানীয় সূত্র জানায়, হোসেনপুর উপজেলার পৌর এলাকার ঢেঁকিয়া গ্রামে রাস্তার পাশে গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।ময়মনসিংহ: ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামে গত রোববার রাতে একটি হত্যা মামলার আসামি সজীব মিয়া (৩৫) খুন হয়েছেন। উপজেলার ভয়াবহ গ্রামের সজীব একই গ্রামের আবদুল বাতেন হত্যা মামলার আসামি। দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে ছিলেন তিনি। সজীব মিয়ার পরিবার জানায়, রোববার সন্ধ্যায় ভাড়া করা একটি মোটরসাইকেলে করে পৌর এলাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে সজীব নিখোঁজ হন। রাতে পরিবারের লোকজন বিষয়টি থানায় জানান। পরে গ্রামের একটি মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ভালুকা মডেল থানার ওসি মোতালেব মিয়া জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ফুলপুর: উপজেলার তারাকান্দা থানার পুলিশ গতকাল সকালে তারাকান্দা ব্র্যাক কার্যালয়ের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৬৫) লাশ উদ্ধার করেছে। তারাকান্দা থানার এএসআই নজরুল ইসলাম বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। তাহিরপুর: উপজেলার গোটিলা গ্রামে গতকাল সকালে ফখরুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ জানায়, রোববার রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ফখরুলকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে গতকাল সকালে গ্রামের একটি রেইনট্রি বাগানে মাটিতে শোয়ানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এ সময় তাঁর গলায় দড়ি বাঁধা ছিল। তাহিরপুর থানার ওসি আবুল হাসেম জানান, এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।নাসিরনগর: উপজেলার ধনকুড়া গ্রামে সংঘর্ষে ইছহাক মিয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে রোববার বিকেলে ইছহাকের সঙ্গে আশুরাইল গ্রামের দুই ব্যক্তির মারামারি হয়। এতে তিনজনই আহত হন। তাঁদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে ইছহাকের অবস্থার অবনতি হলে তাঁকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাঁর মৃত্যু হয়।