দেশের ছয়টি উপজেলার স্থগিত বিভিন্ন কেন্দ্রে গতকাল বুধবার পুনঃ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুটি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। একই পদে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন একটিতে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন এক উপজেলায়। অপর দুই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একটিতে আওয়ামী লীগ এবং অপরটিতে জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।
এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে। সেখানে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে।
আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
লক্ষ্মীপুর: আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজ উল্লাহ এক লাখ ১৭ হাজার ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত মো. নাছির উদ্দিন পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৪৫৬ ভোট।
সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত পশ্চিম জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চারটি ভোটকেন্দ্রের আশপাশে ব্যাপক বোমাবাজি করেছেন আওয়ামী লীগ-সমর্থিতরা। আতঙ্কে ভোটাররা কেন্দ্রে যাননি।
দুপুরে মান্দারী ফাতেমা উচ্চবিদ্যালয় কেন্দ্র এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন ও দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি আতিকুল আলমকে তিনটি এলজি ও ৩৬টি গুলিসহ গ্রেপ্তার করেছে বিজিবি। সদর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।
গজারিয়া (মুন্সিগঞ্জ): গজারিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রেফায়েত উল্লাহ খান ২৮ হাজার ৬০৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আসাদুজ্জামান। গত ২৩ মার্চ ভোটকেন্দ্রে সহিংসতা, জাল ভোট প্রদান ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে উপজেলার নয়টি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
কুতুবদিয়া (কক্সবাজার): চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী এ টি এম নুরুল বশর চৌধুরী ১৭ হাজার ৬৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আ স ম শাহারিয়ার চৌধুরী পেয়েছেন ১৫ হাজার ৯২৭ ভোট। গতকাল উপজেলার স্থগিত দুটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়।
দুমকি (পটুয়াখালী): চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত মো. শাহজাহান সিকদার। তিনি পেয়েছেন ১১ হাজার ১৮৬ ভোট। উপজেলার স্থগিত পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইসহ নানা অভিযোগে ১৮-দলীয় জোটের প্রার্থীরা নির্বাচন বর্জন করে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): ৩১ মার্চ উপজেলা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে পাঁচটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। গতকাল সেসব কেন্দ্রে পুনর্নির্বাচনের পর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত শাহ আলম। ১০৮টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৩৬ হাজার ৩৭০ ভোট।
বরুড়া (কুমিল্লা): ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টি-সমর্থিত মো. কামাল হোসেন জয়ী হয়েছেন। গতকালের ভোটে স্থগিত দুই ভোটকেন্দ্রের ফলসহ আগের ৮৪টি কেন্দ্রের ফল যোগ করে তিনি পেয়েছেন ৩৭ হাজার ৮৭৫ ভোট।