ছয় কর্মকর্তাকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের অনুসন্ধানে সোশ্যাল ইসলামী ব্যাংকের আরও ছয়জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক ও এ-সংক্রান্ত অনুসন্ধান দলের প্রধান মীর জয়নুল আবেদিন শিবলী আজ রোববার এ বিষয়ে নোটিশ পাঠান।

দুদকের সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেছে, সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে ওই ৬ জন কর্মকর্তাকে ২ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।
যাঁদের তলব করা হয়েছে তাঁরা হলেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের এভিপি (মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগ) সেলিমা আলম, ব্যাংকের উত্তরা শাখার ভিপি ও ম্যানেজার মঞ্জুরুল হক শোয়েব, বনানী শাখার এসএভিপি ও ম্যানেজার নিয়ামত উদ্দিন আহমেদ, একই শাখার ম্যানেজার অপারেশন মাসুদুর রহমান সুন্নামত, এফএভিপি এটিএম সাখাওয়াত হোসাইন ও অফিসার (ক্যাশ) রেহেনা আক্তার খান।
অভিযোগ অনুসন্ধানে আজ রোববার সকালে ব্যাংকটির পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে কমিশনের অনুসন্ধান টিম। এ ছাড়া আগামীকাল সোমবার আরও পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে।
দুদক সূত্র জানায়, হল-মার্কসহ ছয়টি কোম্পানি সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে ৩ হাজার ৫৬৯ কোটি টাকা আত্মসাৎ করে। এ কেলেঙ্কারি নিয়ে দুদক অনুসন্ধান শুরু করে ২০১২ সালে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে সোনালী ব্যাংকের পরিশোধ করা ফান্ডেড এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের ঘটনা অনুসন্ধান শেষে ২০১২ সালের ৪ অক্টোবর হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ূন কবির, সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ডিজিএম এ কে এম আজিজুর রহমানসহ ২৭ জনকে আসামি করে ১১টি মামলা করে দুদক। হল-মার্কের এমডি তানভীরসহ কয়েকজন আসামি বর্তমানে কারাগারে। এ কে এম আজিজুর রহমান মারা গেছেন। এসব মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্রও দেওয়া হয়। ৩৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাকি পাঁচ কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয়েছে ২৭টি।
কিন্তু ভুয়া কাগজপত্র তৈরি করে হল-মার্ককে মালামাল সরবরাহের নামে নন-ফান্ডেড দেড় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে দীর্ঘ দুই বছর পর শুরু হয়।
হল-মার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রতিষ্ঠানটির (হল-মার্ক) নামে বিপুল পরিমাণ অর্থছাড়ের পাশাপাশি পণ্য সরবরাহের নামে কিছু বিলের বিপরীতে ৩৭টি বাণিজ্যিক ব্যাংক থেকেও অর্থ তুলে নেওয়া হয়। বিলগুলোর বিপরীতে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে ওই সব বাণিজ্যিক ব্যাংককে স্বীকৃতিপত্র দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হল-মার্কের নামে যে পরিমাণ অর্থছাড় হয়েছে, সেটা ফান্ডেড। আর এ প্রক্রিয়ায় অন্য ব্যাংক সোনালী ব্যাংকের কাছে যা পাবে, তা নন-ফান্ডেড। সোনালী ব্যাংকের তদন্তে নন-ফান্ডেড অংশের দেড় হাজার কোটি টাকার বিপরীতে মোট ২ হাজার ১৮৬টি বিল জাল-জালিয়াতিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। ওই সব বিলের বিপরীতে ৩৭টি ব্যাংকের ১১০টি শাখা থেকে তুলে নেওয়া হয় সেই দেড় হাজার কোটি টাকা। তবে বিলের বিপরীতে অর্থছাড় করা হয়নি, যা সোনালী ব্যাংকের জন্য নন-ফান্ডেড।