ছয় কর্মকর্তার কাজ চলছে দুজন দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে কর্মকর্তার ছয়টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র দুজন। এখানে উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও তিনি প্রেষণে অন্যত্র কাজ করছেন। কর্মকর্তা-সংকটের কারণে প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের তদারকিসহ নানা কার্যক্রম ব্যাহত হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে একজন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পাঁচজন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত এখানে পাঁচজন কর্মকর্তা ছিলেন। ডিসেম্বরে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও একজন সহকারী শিক্ষা কর্মকর্তা অন্যত্র বদলি হয়ে যান। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আরও একজন সহকারী শিক্ষা কর্মকর্তা বদলি হন। এখন সহকারী শিক্ষা কর্মকর্তা ব্রজেন্দ্রনাথ বিশ্বাস উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। আর শরিফুল ইসলাম নামের আরেকজন সহকারী শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।ব্রজেন্দ্রনাথ বিশ্বাস জানান, গত ১৭ এপ্রিল নিখিল চন্দ্র মৃধা নামের একজন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। কিন্তু তিনি এক দিনও কর্মস্থলে আসেননি। তিনি প্রেষণে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে কাজ করছেন। ফলে তাঁদের দুজনকেই সব কাজ সামলাতে হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা নিখিল চন্দ্র মৃধা সরকারের উচ্চপর্যায় থেকে আদেশ নিয়ে ঢাকায় থাকছেন। হরিণাকুণ্ডুতে যোগদানের আগে তিনি নড়াইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিলেন। নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবর রহমান জানান, সেখানে কর্মরত থাকা অবস্থায় নিখিল চন্দ্র ২০০৯ সালের ২ এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ঢাকায় ছিলেন। এরপর মো. কামরুজ্জামান নামের একজন শিক্ষা কর্মকর্তা নড়াইল সদরে যোগদান করলে নিখিল চন্দ্রকে হরিণাকুণ্ডুতে বদলি করা হয়।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার ভৌমিক জানান, নিখিল চন্দ্র উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে ঢাকায় কর্মরত আছেন। এখানে তাঁর কিছু করার নেই। এ বিষয়ে নিখিল চন্দ্র কোনো মন্তব্য করতে রাজি হননি।