ছয় কর্মকর্তার দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কোটি টাকা ঋণ জালিয়াতি-সংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের ছয় কর্মকর্তাকে সাত বছর এবং এক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক আমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১৪ লাখ ২৮ হাজার ৫৭২ টাকা করে জরিমানা করেন আদালত।
ওরিয়েন্টাল ব্যাংকের বর্তমান নাম আইসিবি ইসলামিক ব্যাংক। ২০০৯ সালে এই নামকরণ হয়। ঋণ জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে ৩৪টি মামলার মধ্যে আটটির অভিযোগপত্র দেওয়া হয়েছে। গতকাল প্রথম একটির রায় হলো।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান, ব্যাংকটির প্রধান কার্যালয়ের সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম, সাবেক উপ-ব্যবস্থাপনা (ডিজিএম) পরিচালক ইমামুল হক ও ব্যবসায়ী আবু বকর। এঁরা সবাই পলাতক।
রায়ে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে নয়জন সাক্ষী উপস্থাপন করেছেন। আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ঋণ-জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। দুদক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে। আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। আসামিদের গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের দিন থেকে রায় কার্যকর হবে।
দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী কবির হোসাইন। তিনি বলেন, ২০০৫-০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংক থেকে আনুমানিক ৩৪ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটে। ২০০৬ সালের ২৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক আক্তার হামিদ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন।
অভিযোগে বলা হয়, ২০০৫ সালে ‘অস্তিত্বহীন’ মেসার্স বকর হোসাইন নামে একটি প্রতিষ্ঠানের জন্য এক কোটি টাকা ঋণ নেওয়ার আবেদন করেন আবু বকর। ওই দিন আসামিরা পরস্পর যোগসাজশে বকরের প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করেন। ওই ঋণের টাকা তুলে নিজেরা আত্মসাৎ করেন। দুদক তদন্ত করে গত বছর ৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।