ছয় কর্মকর্তার দেওয়া বক্তব্য খতিয়ে দেখছে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় সামরিক-বেসামরিক ছয় কর্মকর্তার বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি। তাঁদের বক্তব্যে, বিএনপি-জামায়াত জোট সরকারের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও স্বরাষ্ট্রসচিব মুহাম্মাদ ওমর ফারুকের বিতর্কিত ভূমিকার কথা উঠে এসেছে। জানা গেছে, গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদের সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী দেখা করেন। এ সময় তদন্ত কর্মকর্তা সামরিক-বেসামরিক সাবেক ছয় কর্মকর্তার বক্তব্য পিপি কামালকে দিয়ে আইনি পরামর্শ চান। দু-এক দিনের মধ্যে পিপি মতামত দেবেন।১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় ওই সময় গঠিত তদন্ত কমিটির তিন সদস্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী, সিআইডির সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) ফররুখ আহাম্মদ ও পুলিশের বিশেষ শাখার উপমহাপরিদর্শক শামসুল ইসলাম সম্প্রতি আদালতে জবানবন্দি দেন।এর আগে তদন্তকারী সংস্থা সিআইডি সাবেক শিল্পসচিব শোয়েব আহমদ, বাংলাদেশ রসায়নশিল্প সংস্থার (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামান ও সাবেক পুলিশ কমিশনার সাব্বীর আলীর বক্তব্য ১৬১ ধারায় নথিভুক্ত করে। এই ছয় কর্মকর্তার ১৬৪ ও ১৬১ ধারায় দেওয়া বক্তব্য পর্যালোচনা করছেন মহানগর আদালতের সরকারি কৌঁসুলি। পিপি কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কর্মকর্তা আমাকে কিছু নথিপত্র দিয়ে গেছেন। নথিগুলো পর্যালোচনার পর আমি মতামত দেব।’ তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটির তিন সদস্য ওমর ফারুককে দায়ী করে আদালতে বক্তব্য দিয়েছেন। এখন দেখতে হবে, তিনি কী নিজেই দায়সারা গোছের তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন, নাকি কারও নির্দেশে তিনি এ কাজ করেছেন, বিষয়টি নিশ্চিত হতে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে।’২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএলের জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়।