ছয় কর্মীর চাকরিচ্যুতির প্রতিবাদ
ছয়জন পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মচারীরা। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত সিটি করপোরেশনের সচিবের কক্ষের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের শ্রমিক ও কর্মচারী লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী জানান, গত মঙ্গলবার বিকেলে অন্যায়ভাবে ছয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এভাবে গত তিন-চার মাসে প্রায় ৮০ জন স্থায়ী-অস্থায়ী শ্রমিকের চাকরি গেছে। এঁদের বেশির ভাগই পরিচ্ছন্নতাকর্মী। কোনো কারণে এক দিন কাজে আসতে না পারলেই শ্রমিকদের কাজ থেকে বাদ দেওয়া হচ্ছে। অনেক সময় শ্রমিকদের কোনো নোটিশও দেওয়া হয় না।
যোগাযোগ করলে সিবিএ নেতার এসব অভিযোগ অস্বীকার করে সিটি করপোরেশনের সচিব রশিদ আহমেদ প্রথম আলোকে বলেন, এক দিন কাজে উপস্থিত না থাকায় চাকরি গেছে—এটি মনগড়া কথা। মঙ্গলবার যে ছয়জন পরিচ্ছন্নতাকর্মীর চাকরি গেছে, তাঁরা কাজ না করে দীর্ঘদিন ধরে বেতন নিচ্ছিলেন। জামালখান ওয়ার্ডের কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত কমিটির সভাপতি শৈবাল দাশ প্রথম এ বিষয়টি জানতে পারেন।
রশিদ আহমেদ বলেন, নগরের আলকরণ এলাকায় ১৫ জন শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ না করে ভুয়া হাজিরা দেখিয়ে বেতন নিচ্ছিলেন। তাঁদের মধ্যে নয়জন অস্থায়ী। এঁদের তখনই বাদ দেওয়া হয়েছে। আর বাকি ছয়জনের বিরুদ্ধে তদন্ত হয়েছে। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁদের চাকরি গেছে।