ছয় কার্যদিবসে শেষ হচ্ছে সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশু আবু সাঈদ (৯) হত্যা মামলার দ্রুত বিচার-প্রক্রিয়ায় ছয় কার্যদিবসে শেষ হচ্ছে সাক্ষ্য গ্রহণ। গতকাল বুধবার ময়নাতদন্তকারী চিকিৎসকসহ পুলিশের আরও দুই সদস্য সাক্ষ্য দিয়েছেন। ট্রাইব্যুনালের বিচারক আবদুর রশিদ তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ বৃহস্পতিবার সর্বশেষ পর্যায়ে মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে ৩৪২ ধারায় আসামিদের শনাক্তকরণ পরীক্ষা ধার্য করেছেন।
ট্রাইব্যুনালে টানা ছয় কার্যদিবসে সাক্ষ্য গ্রহণ আজ শেষ হচ্ছে জানিয়ে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় সহায়তাকারী আইনজীবী আনসারুজ্জামান বলেন, গতকাল সন্ধ্যা হয়ে যাওয়ায় সর্বশেষ পর্যায়ের সাক্ষ্য গ্রহণ হয়নি। আজ সকালে সাক্ষ্য গ্রহণ শেষ করে চার আসামি শনাক্তকরণে ৩৪২ ধারায় পরীক্ষা সম্পন্ন হবে। পরে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করবেন আদালত। আদালত সূত্র জানায়, গতকাল আদালতে ময়নাতদন্তকারী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক মো. শামসুল ইসলাম, মামলার রেকর্ড কর্মকর্তা পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান ও প্রথম তদন্তকারী কর্মকর্তা (এসআই) শাহ ফজলে আজিম পাটওয়ারি আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য দেন।
নগরের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে গত ১১ মার্চ অপহরণ করে হত্যা করা হয়। মহানগর পুলিশের বিমানবন্দর থানার বরখাস্ত হওয়া কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাঈদের বাবা কোতোয়ালি থানায় মামলা করেন।