ছয় কিলোমিটার পাকা না হওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাইজান, এটা রাস্তা নোয়ায়, ধানগাড়া জমি (ধান রোপণের জন্য চাষ করা জমি) এক হাঁটু কাদার জন্যে এদি হাঁটা যায় না।’ রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাজার থেকে তেলিপাড়া পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা রাস্তার করুণ অবস্থা সম্পর্কে সম্প্রতি এ ভাবেই মন্তব্য করেন তেলিপাড়া গ্রামের সাইফুল ইসলাম।সরেজমিনে দেখা গেছে, বৃষ্টিতে হাঁটু সমান কাদাপানি জমে আছে। এর মধ্য দিয়ে রিকশা, ভ্যান ও মানুষ চলাচল করছে। এই কারণে রাস্তাটি দেখলে মনে হয় যেন ধান রোপণের জন্য জমি চাষ করে রেখেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই কাঁচা রাস্তাটি হাড়িয়ারকুটি ও ইকরচালী ইউনিয়নের সঙ্গে তারাগঞ্জ সদরের সংযোগ সৃষ্টি করেছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে দুই ইউনিয়নের ২৬টি গ্রামের ২০ হাজারেরও বেশি মানুষ চলাচল করে। কিন্তু দীর্ঘ দিনেও সড়কটি পাকা না হওয়ায় মানুষের ভোগান্তির শেষ নেই। বর্ষা মৌসুমে রাস্তায় হাঁটু সমান কাদা থাকায় ছাত্রছাত্রীরা স্কুলে যেতে চায় না। মণ্ডলপাড়া গ্রামের গৃহবধূ আয়শা খাতুন বলেন, ‘রাস্তাটা পাকা না করায় হামার কষ্ট চিরকাল। ছাওয়া ছোটরাও স্কুল যাবার চায় না, কয়, মা কাদার জন্য রাস্তাটাদি হাঁটা যায় না।’তেলিপাড়া গ্রামের দিনমজুর পিটু মিয়া বলেন, ‘হামার কাঙালের কথা কায়ো শোনে না। ভোটের সময় রাস্তা কোনা পাকা করবার চাইলেও পড়ে আর করে না।’ মাছুয়াপাড়া গ্রামের কপিল উদ্দিন বলেন, ‘হামরা আর কদ্দিন এনতন কাদাপানি খচি হাঁটাহাঁটি করমো বাহে? সরকার তো হামার কষ্ট দেখে না, রাস্তা কোনাও পাকা করে না।’ বানিয়াপাড়া গ্রামের কৃষক আকমাল হোসেন বলেন, ‘সরকার কতকিছু করে, খালি হামার এই রাস্তা কোনা পাকা করতে না পারে। রাস্তা কোনা পাকা না বানায় ফসলের ভাল দাম পাইছি না।’ জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মিনারা খাতুন বলে, ‘বর্ষার সময় স্কুল যেতে কষ্ট হয়। বুকে বই, হাতে জুতা নিয়া স্কুল যাবার সময় কাদায় পড়ি কাপড়চোপড় নষ্ট হয়।’ হাড়িয়ারকুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ‘আমি স্থানীয় সাংসদসহ কাউকে বোঝাতে পারিনি রাস্তাটি পাকা হওয়া কত জরুরি। এটা ভোটের বিষয় না, মানুষের জীবন-জীবিকার বিষয়। তার পড়েও আমার কথা কেউ শোনেননি।’উপজেলা প্রকৌশলী মজিবর রহমান বলেন, ‘রাস্তাটি পাকাকরণের জন্য বরাদ্দ চেয়ে প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে এটি পাকা করা হবে।’