ছয় কিলোমিটার বাঁধ নদীগর্ভে, আতঙ্ক
অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেড়িবাঁধের সাড়ে ছয় কিলোমিটার অংশ ভেঙে বলেশ্বর নদে বিলীন হয়ে গেছে। এর মধ্যে কোথাও কোথাও বাঁধের পুরো অংশ ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কার না করায় উপকূলের চার গ্রামের ১০ হাজার বাসিন্দা আতঙ্কে দিন কাটাচ্ছে।সরেজমিন পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাসে বলেশ্বর নদের অব্যাহত ভাঙনের ফলে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের চরভোলমারা ও দক্ষিণ বড়মাছুয়া গ্রাম এবং সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া ও খেতাছিড়া গ্রামের কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর মধ্যে চর ভোলমারা গ্রামে বেড়িবাঁধের একটি স্থানে এবং খেতাছিড়া গ্রামের দুই স্থানে বেড়িবাঁধের পুরো অংশই ভেঙে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করেছে। ফলে আমন খেত মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়াসহ তীব্র জোয়ার হলে আশপাশের চারটি গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চরভোলমারা গ্রামের কৃষক আবদুস সালাম বলেন, ‘ভাঙা বেড়িবাঁধ দিয়া জোবার (জোয়ার) পানি ঢুইক্যা কোলা (ফসলের মাঠ) বাড়িঘর তলাইয়া (ডুবে) যায় । ঘের ও পুহুইরের (পুকুরে) বেবাক (সব) মাছ বাহির ওইয়া গ্যাছে।’ দক্ষিণ বড়মাছুয়া গ্রামের কৃষক আবদুস সোবাহান সিকদার বলেন, বেড়িবাঁধ ভেঙে ফসলের মাঠে লবণ-পানি ঢুকে পড়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। লবণ-পানিতে আমন বীজতলার মারাত্মক ক্ষতি হয়েছে। জরুরিভিত্তিতে বেড়িবাঁধটি সংস্কার করা না হলে চাষাবাদ ব্যাহত হবে। মঠবাড়িয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ৩৯/২ ডি পোল্ডারের দক্ষিণ বড়মাছুয়া থেকে চরভোলমারা পর্যন্ত দুই কিলোমিটার বেড়িবাঁধের বিশাল অংশ ভেঙে বলেশ্বর নদে বিলীন হয়ে গেছে। চরভোলমারা থেকে খেতাছিড়া পর্যন্ত ১৭ কিলোমিটার বেড়িবাঁধের সাড়ে ছয় কিলোমিটার অংশ এরই মধ্যে ভেঙে গেছে।পাউবোর মঠবাড়িয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী কবির হোসেন বলেন, সাড়ে ছয় কিলোমিটার ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কারের জন্য বিশ্বব্যাংকের ইসিআরআরপি প্রকল্প ও পাউবো যৌথভাবে জরিপকাজ শেষ করেছে।