ছয় কিলোমিটার বেহাল, সংযোগ সড়কে গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বাদাঘাটে চেঙ্গেরখালের সেতুর সংযোগ সড়কের মাটি দেবে গর্ত হয়ে গেছে। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
সিলেটের বাদাঘাটে চেঙ্গেরখালের সেতুর সংযোগ সড়কের মাটি দেবে গর্ত হয়ে গেছে। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

সেতুর সংযোগ সড়কের একাংশ আগেই ভাঙা ছিল। সোমবার রাতের ভারী বৃষ্টিতে ভাঙা অংশের নিচের মাটি দেবে গেছে। ফলে সেতুর ডান দিকের সংযোগ সড়কের একাংশে গর্ত হয়ে গেছে। যানবাহন একটু অসতর্ক হলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এ অবস্থা সিলেটের বাদাঘাট এলাকায় নির্মাণাধীন কেন্দ্রীয় কারাগারের সামনের সেতুর। শুধু সেতু নয়, বাদাঘাট সড়কের শুরুর অংশ সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখি থেকে ওই সেতুর সংযোগ পর্যন্ত প্রায় ছয় কিলোমিটারজুড়ে রাস্তার অবস্থা বেহাল।

জানতে চাইলে সিলেট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, বাদাঘাটে সেতুর সংযোগ সড়কের একাংশ দেবে যাওয়ার বিষয়টি তিনি অবগত নন। অবস্থা এ রকম হলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বাদাঘাট সড়কটি সংস্কারের প্রস্তাবটি অনুমোদনের পথে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, এ সড়কটি কেন্দ্রীয় কারাগারের জন্য এখন গুরুত্বপূর্ণ। ফলে প্রকল্পটি অনুমোদন হলে দ্রুততার সঙ্গে সংস্কার করবেন তাঁরা।

বাদাঘাট সড়কটি সিলেট-সুনামগঞ্জ সড়কের একটি বাইপাস হিসেবে ছিল। ১৯৯৬ সালের দিকে স্থানীয় চেঙ্গের খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। লক্ষ্য, সড়কটি সুনামগঞ্জের ছাতক, সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার কিছু অংশের বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা। ২০০১ সালের দিকে সেতুটি উদ্বোধন করা হয়। এরপর ওই বিকল্প সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল শুরু হয়।

সিলেট সওজ সূত্র জানায়, সেতু নির্মাণের পর তেমুখি পর্যন্ত ওই ছয় কিলোমিটার সড়ক দিয়ে যাত্রীবাহী যানবাহন চলাচল শুরু হয়। সেই সঙ্গে ভারী যানও চলেছে। কিন্তু কয়েকটি ধাপে জরুরি সংস্কারকাজ ছাড়া বড় ধরনের কোনো উন্নয়নকাজ হয়নি। একইভাবে সেতু নির্মাণ প্রকল্পের মাধ্যমে সংযোগ সড়কের অংশের কাজ হয়েছে। এরপর আর কোনো সংস্কার হয়নি। ২০১১ সাল থেকে সেতু এলাকার পাশে নতুন কারাগারের নির্মাণকাজ শুরু হয়। বেড়ে যায় ভারী যানবাহন চলাচলের হার। ফলে সাত বছরের মাথায় সড়কটি বেহাল হয়ে পড়েছে।

গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের তেমুখি থেকে এক কিলোমিটার অংশ কিছুটা ভালো। এরপর থেকে খানাখন্দ শুরু। সোনাতলা এলাকার অবস্থা সবচেয়ে খারাপ। রাস্তা ভেঙেচুরে একাকার।

সোনাতলা এলাকায় গত এক মাসে ১০টি ট্রাক দিয়ে ইট-সুরকি ফেলে যান চলাচল সচল রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বৃহত্তর বাদাঘাট বালু-পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসনাত বলেন, সওজ বিভাগকে বারবার বলার পরও সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি। তাই ব্যবসায়ীরা বাধ্য হয়ে নিজ উদ্যোগে রাস্তাটি কোনোমতে চলাচলের উপযোগী রাখার চেষ্টা করছেন।

সোনাতলার পর নলকট এলাকা থেকে নির্মাণাধীন কেন্দ্রীয় কারাগারের সামনের অংশ পর্যন্ত সড়কে আরও শতাধিক গর্ত দেখা গেছে। আর ডান দিকের সংযোগ সড়কের একাংশ দেবে যাওয়ায় সেতুতে উঠতে ও নামতে যানবাহনের জন্য বড় ঝুঁকি সৃষ্টি হয়েছে। তবে সেতুর ওপারে শিবেরবাজার এলাকার সড়কের অবস্থা তুলনামূলক ভালো।

সোনাতলা বাজার এলাকার করুণ অবস্থা সম্প্রতি দেখে গেছেন অর্থমন্ত্রী আবুল মাল অবদুল মুহিত। তিনি এসেছিলেন কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে। সড়কের বেহাল অবস্থা দেখে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘আগে যখন এসেছিলাম তখন তো ভালো ছিল, এখন এ অবস্থা কেন?’ জবাবে তাৎক্ষণিকভাবে সিলেট সওজ বিভাগের প্রকৌশলীরা বলেছিলেন, উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পাঠানো আছে। অনুমোদন হলেই কাজ শুরু হবে।

এরপরও আজ পর্যন্ত কোনো উদ্যোগ চোখে না পড়ায় ক্ষোভ প্রকাশ করলেন ওই এলাকার বাসিন্দা সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন। তিনি বলেন, এখন প্রকল্প অনুমোদনের জন্য অপেক্ষা নয়। সওজকে জরুরি ভিত্তিতে কিছু সংস্কারকাজ করতে হবে। তা না হলে এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।