ছয় কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সীমান্তের দুটি এলাকা থেকে বাংলাদেশি ছয় কিশোরকে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য চারজনকে আজ শুক্রবার কসবা থানায় পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কসবা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোশাররফ হোসেন বলেন, বৃহস্পতিবার বিএসএফ ছয় বাংলাদেশি কিশোরকে আটক করে। বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক পতাকা বৈঠকের পর ওই কিশোরদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। তাদের মধ্যে কসবা পৌর এলাকার হাকর গ্রামের মতিউর রহমানের ছেলে আবু বক্কর (১৫) ও দক্ষিণ কসবা গ্রামের শহীদ মিয়ার ছেলে রাকিব মিয়াকে (১৪) তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুবেদার মোশাররফ হোসেন জানান, অন্য চার কিশোর কায়েমপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের সোলেমান মিয়ার ছেলে নজরুল ইসলাম (১৬), কুতুব হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৬), আয়েত আলী ছেলে আসিফ মিয়া (১৬), মো. গণি মিয়ার ছেলে সোহাগ মিয়াকে (১৬) কসবা থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।