ছয় কোটি টাকা পেল প্রয়াত ১২০ কর্মকর্তা ও কর্মচারীর পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিরত অবস্থায় মারা যাওয়া ১২০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ছয় কোটি টাকা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাজধানীর বিয়াম ভবনে গতকাল রোববার আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত এসব কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
বেসামরিক প্রশাসনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চাকরিরত অবস্থায় মারা গেলে পাঁচ লাখ টাকা ও গুরুতর আহত হলে দুই লাখ টাকা অনুদান দেওয়ার বিষয়ে ২০১৩ সালে একটি নীতিমালা প্রণয়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই নীতিমালার আওতায় প্রথমবারের মতো গতকাল আর্থিক অনুদান দেওয়া হলো।
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা চাকরিরত অবস্থায় মারা গেলে যৌথবিমা তহবিল থেকেও এক লাখ টাকার পরিবর্তে এক লাখ ৭০ হাজার টাকা দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন আছে। বিজ্ঞপ্তি।