ছয় কোটি টাকার কাজ দরপত্র জমাদানে বাধা!
নোয়াখালীর চৌমুহনী পৌরসভার প্রায় ছয় কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পের দরপত্র জমাদানে গত সোমবার সন্ত্রাসীরা বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে দরপত্র কেনা নয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিই দরপত্র জমা দিতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মাঝারি শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় চৌমুহনী শহরে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য মাসখানেক আগে দরপত্র আহ্বান করা হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় পাঁচ কোটি ৮২ লাখ ৪৫ হাজার টাকা। সোমবার দুপুর ১২টা পর্যন্ত ছিল দরপত্র জমা দেওয়ার শেষ সময়। প্রত্যক্ষদর্শীরা জানান, দরপত্র জমা নেওয়ার জন্য ওই দিন সকালে চৌমুহনী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর দপ্তরে বাক্স বসানো হয়। বেলা ১১টার দিকে দরপত্র জমা দেওয়া না দেওয়া নিয়ে পৌরসভা কার্যালয়ে ঠিকাদারদের সঙ্গে স্থানীয় একদল সন্ত্রাসীর হাতাহাতি হয়। সন্ত্রাসীদের ধাওয়া খেয়ে কয়েকজন ঠিকাদার দৌড়ে আত্মরক্ষা করেন। পরে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক এবং অন্যদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবশ্য পরে আটক দুজনকে ছেড়ে দেওয়া হয়।দরপত্র জমা দিতে না পারা মেসার্স আবুল খালেক অ্যান্ড মেঘনা ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহজাহান অভিযোগ করেন, তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক একরাম হোসেন দরপত্র জমা দিতে চৌমুহনী পৌরসভায় যান। কিন্তু স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী তাঁকেসহ অন্য ঠিকাদারদের দরপত্র জমাদানে বাধা দেয় এবং ধাওয়া করে তাঁদের তাড়িয়ে দেয়। এ কারণে তাঁর প্রতিষ্ঠান ছাড়াও জিলানী ট্রেডার্স ও আবু ছিদ্দিক অ্যান্ড সন্সসহ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দিতে পারেনি।চৌমুহনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র জানান, তাঁর দপ্তরে কোনো ঝামেলা হয়নি। বাইরে কিছু হয়েছে কি না তা জানেন না। তা ছাড়া কোনো ঠিকাদারকে দরপত্র জমাদানে বাধা দেওয়ার বিষয়ে কেউ তাঁর কাছে কোনো লিখিত অভিযোগও করেননি। তিনি জানান, নির্ধারিত সময়ে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। দরপত্র মূল্যায়ন কমিটির বৈঠকে এদের মধ্য থেকে সর্বনিম্ন দরদাতাকে ঠিকাদার নিয়োগ করা হবে।বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) রসুল আহম্মেদ জানান, দরপত্র নিয়ে দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে তিনি সেখানে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে ওই সময় কাউকে আটক করার কথা ঠিক নয়।