ছয় কোটি টাকার কাজ ভাগাভাগি!
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) খুলনার বেড়িবাঁধ ও খাল খনন প্রকল্পের প্রায় ছয় কোটি টাকার কাজ ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের স্থানীয় ঠিকাদারদের বিরুদ্ধে। দরপত্রের লটারিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কয়েকজন ঠিকাদার এ ব্যাপারে নগরের খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও তদন্তপূর্বক আবারও লটারির দাবি জানিয়েছেন।বিএডিসি খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থা সহজীকরণ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর জেলায় খাল পুনঃখনন ও বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রায় ছয় কোটি টাকার ৩৯টি কাজের দরপত্র আহ্বান করা হয়। গড়ে ৭০ জন করে ঠিকাদার পৃথক তিন গ্রুপে দরপত্র জমা দেয়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, নিয়মানুযায়ী লটারির মাধ্যমে কাজগুলো বণ্টনের কথা থাকলেও আওয়ামী লীগের স্থানীয় নেতা ও এক প্রতিমন্ত্রীর চাচাতো ভাই আবদুর রউফ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, যুবলীগের নেতা মিজানুর রহমান মিজান ও শেখ মনিরুল ইসলাম বিএডিসির কয়েকজন কর্মকর্তার যোগসাজসে কাজগুলো তাঁদের পছন্দের লোকদের মধ্যে বণ্টন করতে চাপ সৃষ্টি করেন।ঠিকাদার আবুল কালাম আজাদ জানান, ১৫ ডিসেম্বর লটারিতে নির্বাচিত নম্বরটি বাদ দিয়ে আগে থেকেই নির্ধারিত ঠিকাদারের নম্বর ঘোষণা করা হয়। গ্রুপ-৩-এর লটারির সময় ড্রয়ে ২১ নম্বর গুটিটি উঠলেও বিএডিসির কয়েকজন কর্মকর্তা চাপের মুখে সেটিকে ২৪ নম্বর বলে ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে আপত্তি ও হট্টগোলের সৃষ্টি হলে কর্তৃপক্ষ পরে আবারও লটারি হবে জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা ও ঠিকাদার আবদুর রউফ খান প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।’ আওয়ামী লীগের নেতা শেখ আকরাম হোসেন অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে দরপত্র মূল্যায়ন কমিটি লটারি করেছে। লটারি সম্পূর্ণ ফেয়ার হয়েছে।