ছয় খুনের তদন্তই শেষ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার, লেখক, প্রকাশক ও সমকামী অধিকারকর্মী হত্যার আলোচিত ছয়টি মামলার তদন্তের বিষয়ে পুলিশ এখনও কোনো কিনারাই করতে পারেনি। পুলিশ এসব হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারীকে চিহ্নিত করার দাবি করলেও কেউ গ্রেপ্তার হয়নি। নিহত ব্যক্তিদের পরিবারগুলো তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছে। এর মধ্যে প্রথমটি হত্যাটি হয় আড়াই বছর আগে এবং শেষটি হয় ১৪ মাস আগে।

এসব মামলার তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়, প্রকাশক ফয়সল আরেফিন (দীপন), যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা ও সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান, তাঁর বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়, ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ও অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমউদ্দিন সামাদ হত্যায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (পুরোনো নাম আনসারুল্লাহ বাংলা টিম) জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। সংগঠনটির কথিত সামরিক শাখার প্রধান হলেন চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে জিয়া। জিয়ার নির্দেশে জঙ্গিনেতা সেলিম ওরফে ইকবাল ওরফে মামুনের পরিকল্পনা, সমন্বয় ও তত্ত্বাবধানে এসব হত্যাকাণ্ড ঘটেছে। এই দুজনকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। কিন্তু কাউকেই এখনো গ্রেপ্তার করতে পারেনি। এই ছয় খুনে সন্দেহভাজন ৪৩ জনের মধ্যে মাত্র সাতজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।

এই ছয়টি হত্যা মামলা তদন্ত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, আনসার আল ইসলাম এখন অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। তারা সক্রিয় থাকলে আবার হত্যাকাণ্ড ঘটত। তিনি বলেন, এই ছয় খুনে জড়িত অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত ব্লগার, লেখক, প্রকাশক, অনলাইন অ্যাকটিভিস্টসহ নয়জন নিহত হন। এর মধ্যে কেবল ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার বিচার হয়েছে। ঢাকায় ব্লগার ওয়াশিকুর রহমান ও সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি ঘটনার তদন্তই শেষ হয়নি। গ্রেপ্তার হয়নি মূল আসামিরা। 

এই বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, পুলিশ অনেক জঙ্গিকেই ধরেছে। কিন্তু ব্লগার, লেখক, প্রকাশকসহ আলোচিত হত্যায় জড়িত শীর্ষস্থানীয় জঙ্গিদের কেন ধরতে পারছে না? এটা হতাশাজনক। এদের গ্রেপ্তারে পুলিশকে আন্তরিক চেষ্টা করতে হবে।

অভিজিৎ হত্যা: আড়াই বছরেও প্রকৃত খুনি শনাক্ত হয়নি

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলায় আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ। তাঁরা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। বইমেলা উপলক্ষে তাঁরা দেশে এসেছিলেন।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. রাজীব আল মাসুদ প্রথম আলোকে বলেন, হত্যার দিন এবং এর আগের আট দিন সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, আনসার আল ইসলামের শরিফুল, সেলিম, সাজ্জাদসহ সাত-আটজন অভিজিৎ রায়ের গতিবিধি অনুসরণ করেছেন। তাঁদের মধ্যে শরিফুল ইসলাম গত জুনে ঢাকার মেরাদিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

তদন্তের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা বলেন, মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া আটজন কারাগারে আছেন। হত্যাকাণ্ডের স্থল থেকে পাওয়া ১৩ ধরনের আলামতের ডিএনএ পরীক্ষা করা হয়। তার সঙ্গে আটক আটজনের কারও ডিএনএ নমুনা মেলেনি।

অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় রায়। তিনি প্রথম আলোকে বলেন, ‘অভিজিৎ হত্যার আড়াই বছর পার হতে চলেছে। অথচ পুলিশ প্রকৃত খুনিদের ধরতে পারল না। পুলিশের তদন্ত বিভাগ রসাতলে গেছে। তাদের মামলা তদন্তের ইচ্ছাও নেই।’

ফয়সল আরেফিন: মামলার অগ্রগতি নেই

২০১৫ সালের ৩১ অক্টোবর দুপুরের পর রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মামলার তদন্ত সম্পৃক্ত সূত্র জানায়, প্রকাশক ফয়সল আরেফিন হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া, মূল পরিকল্পনাকারী সেলিমসহ আনসারুল্লাহ বাংলা টিমের ১১ জনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির ভারপ্রাপ্ত উপকমিশনার মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আনসার আল ইসলামের তিন সদস্য আবদুস সামাদ ওরফে সবুর, মাইনুল হাসান শামীম ওরফে সিফাত ও খায়রুল হাসান ওরফে জিসান ওরফে সুমন পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সবুর ও মাইনুল স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যায় সরাসরি অংশ নেওয়া পাঁচজনের নাম-ঠিকানা বলেছেন। তাঁদের মধ্যে জঙ্গি শরিফুল ওরফে মুকুল রানা ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফয়সল আরেফিনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘দুই বছরেও মামলার অগ্রগতি না হওয়া আমাদের জন্য কষ্টকর। দীপনকে হারিয়ে তাঁর স্ত্রী, ছেলে, মেয়ের যে ক্ষতি হয়েছে, তা পূরণ হবে না।’

জোড়া খুন: ১৪ মাসেও আক্রমণকারীরা শনাক্ত হয়নি

গত বছরের ২৫ এপ্রিল সন্ধ্যায় কলাবাগানের বাসায় ঢুকে দুর্বৃত্তরা জুলহাজ মান্নান (৩৫) ও তাঁর বন্ধু মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে। জুলহাজ সমকামীদের অধিকারবিষয়ক সাময়িকী রূপবানসম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। নাট্যকর্মী মাহবুব পিটিএ নামে একটি প্রতিষ্ঠানে ‘শিশু নাট্য প্রশিক্ষক’ হিসেবেও কাজ করতেন।

এই জোড়া খুনের ঘটনায় আনসার আল ইসলামের নয়জনের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. রাজীব আল মাসুদ বলেন, খুনিদের ফেলে যাওয়া মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে তখন পুলিশ জঙ্গি রাশেদ উদ্দিন ভূঁঞা ওরফে রায়হান ও শরিফুল ইসলাম ওরফে কেরামতকে গ্রেপ্তার করেছিল। রাশেদ উদ্দিন আদালতে দেওয়া জবানবন্দিতে হামলায় সরাসরি অংশ নেওয়া পাঁচ জঙ্গির নাম বলেছেন। তাদের সাংগঠনিক নাম পাওয়া গেছে। তবে এখনো শনাক্ত করা যায়নি।

মামলার বাদী ও জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডের এত দিন হলো, অথচ তদন্তের ফলাফল মহাশূন্য।’

নীলাদ্রি চট্টোপাধ্যায়: ঘাতক শনাক্তেই থমকে আছে মামলা

২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ে ভাড়া বাসায় ঢুকে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি বেসরকারি একটি সংস্থায় কাজের পাশাপাশি ব্লগে নিয়মিত লিখতেন এবং গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন।

মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তদন্তে নীলাদ্রি হত্যায় আনসার আল ইসলামের আট সদস্য জড়িত হিসেবে জানা গেছে। এর মধ্যে খায়রুল ওরফে জিসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যায় সরাসরি পাঁচজন অংশ নেওয়ার কথা বলেছেন। কিন্তু তাদের দুই বছরেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ছাড়া এই হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির ভারপ্রাপ্ত উপকমিশনার মো. শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, হামলায় অংশ নেওয়া পাঁচজনের সাংগঠনিক নাম পাওয়া গেছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হতাশ নাজিমের পরিবার

গত বছরের ৬ এপ্রিল রাতে পুরান ঢাকার ঋষিকেশ দাশ রোডে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে নাজিমউদ্দিনকে হত্যা করে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সন্ধ্যাকালীন স্নাতকোত্তরের ছাত্র ছিলেন।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমউদ্দিন হত্যায় আনসার আল ইসলামের সাতজনের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুক প্রথম আলোকে বলেন, নাজিম হত্যায় আনসার আল ইসলামের রাশিদুন্নবী ভূইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যায় সরাসরি পাঁচজন অংশ নেওয়াসহ বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নাজিমউদ্দিনের ফুফাতো ভাই সাদেক আহমদ বলেন, এত দিনেও হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া হতাশাজনক।