ছয় গাছ হত্যার আয়োজন!

গাছগুলোর সবুজ পাতা দেখলে চোখ জুড়িয়ে যায়। এগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে ছায়া দিচ্ছে। রক্ষা করছে পরিবেশ। অথচ বেশ কিছুদিন ধরে এ রকম ছয়টি রেইনট্রি গাছ কাটার আয়োজন চলছে। আর এই আয়োজনটি করছে গাছগুলোর মালিক একটি সরকারি প্রতিষ্ঠান।
ওই সরকারি প্রতিষ্ঠানের নাম রেইনউইক যজ্ঞেশ্বর কোম্পানি। এখানে দেশের বিভিন্ন চিনিকলের যন্ত্রাংশ তৈরি করা হয়। প্রতিষ্ঠানটি কুষ্টিয়া শহরের গড়াই নদের পাশে অবস্থিত। প্রায় ৭০ বছরের পুরোনো ওই ছয়টি রেইনট্রি গাছ প্রতিষ্ঠানটির চত্বরে শোভা পাচ্ছে।
রেইনউইক যজ্ঞেশ্বর সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদের সভায় ছয়টি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক গত ২৫ মার্চ দরপত্র আহ্বান করা হয়। বন বিভাগের কর্মকর্তারা বাজার পর্যালোচনা করে সরকারিভাবে এগুলোর দাম নির্ধারণ করেন ১০ লাখ ২৬ হাজার ৮৫২ টাকা।
ছয়টি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও জমা দেয় দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ চার লাখ ৯৪ হাজার টাকার দরপত্র জমা দেয়। সরকারি দামের চেয়ে অনেক কম দাম ওঠায় প্রতিষ্ঠানটি পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কাঠ ব্যবসায়ী বলেন, গাছগুলো অনেক বড়। গাছগুলোর দাম সরকারি দামের তুলনায় দ্বিগুণের বেশি হবে। একটি গাছের দামই ১০ লাখ টাকার বেশি হবে।
সরেজমিনে গত বুধবার রেইনউইকের ভেতরে গিয়ে দেখা যায়, গড়াই নদের পাড়েই পাশাপাশি বেশ কিছু জায়গা নিয়ে ছয়টি গাছ দাঁড়িয়ে আছে। নদের পাড়ে বেড়াতে আসা দর্শনার্থীরা গাছের ছায়ায় বসে আছেন। গাছগুলো কাটার কথা জানতে পেরে কুষ্টিয়া শহরের এক বাসিন্দা বলেন, গাছগুলো ছায়া দিচ্ছে। এমন কী হয়েছে যে গাছগুলো কেটে ফেলতে হবে। এ রকম তরতাজা গাছ কাটার কোনো মানে নেই।
কুষ্টিয়া বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস আই সোহেল বলেন, গাছগুলোতে কয়েক শ পাখি বাস করে। এগুলো কাটা হলে পাখিগুলো আবাসস্থল হারাবে।
কুষ্টিয়া রেইনউইক যজ্ঞেশ্বর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম বলেন, গাছগুলো অনেক পুরোনো হয়ে গেছে। এর ডালপালা নষ্ট হয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। এ জন্য কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ সভা করে গাছগুলো কাটার সিদ্ধান্ত নিয়েছে। কাটার পর সেখানে নতুন করে গাছ লাগানো হবে।
কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন বলেন, গাছের মূল্য নির্ধারণের জন্য আবেদন করা হয়েছিল। গাছ কাটার ব্যাপারে কোনো আবেদন করা হয়নি। নীতিমালা অনুযায়ী সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন গাছ কাটতে হলেও বন বিভাগের অনুমতি নিতে হবে।