>সেচের অভাবে ছয়টি গ্রামের প্রায় ২০০ একর জমিতে রোপা আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে
নওগাঁর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন রানীনগর উপজেলার দুর্গাপুর বড় ব্রিজের পাশে স্থাপিত ট্রান্সফরমারটি এক মাস ধরে বিকল থাকায় সেচের অভাবে ছয়টি গ্রামের প্রায় ২০০ একর জমিতে রোপা আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। চলতি বর্ষা মৌসুমে এখানে প্রয়োজনীয় বৃষ্টি না হওয়ায় কৃষকেরা সেচের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় ছয়টি গ্রাম বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুর্গাপুর, ভবানীপুর, প্রামাণিকপাড়া, খানপাড়া, সর্বরামপুর, মিনাপাড়াসহ পার্শ্ববর্তী আরও কয়েকটি গ্রামে বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ ও জমিতে সেচ দেওয়ার জন্য ২০০৩ সালে দুর্গাপুর মৌজার প্রামাণিকপাড়ায় পর্যায়ক্রমে দুটি গভীর নলকূপ স্থাপন করে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি। এর কিছুদিন পরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নওগাঁর কাঁঠালতলী কার্যালয় থেকে আতাইকুলা ফিডারের আওতায় এটিতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে গত ৬ জুলাই ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে নওগাঁ বিদ্যুৎ কার্যালয়ে জানানো হয়। কার্যালয় থেকে জানানো হয়, এই মুহূর্তে তাদের কাছে সচল কোনো ট্রান্সফরমার না থাকায় পুরোনো ট্রান্সফরমারই মেরামত করে যত তাড়াতাড়ি সম্ভব পুনঃস্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। কিন্তু গত এক মাসেও ট্রান্সফরমার মেরামত করা বা নতুন ট্রান্সফরমার না দেওয়ায় এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছে। নওগাঁ বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের প্রকৌশলী ফিরোজ আহম্মেদ জানান, আতাইকুলা ফিডারের অধীনে প্রায় চার হাজার গ্রাহক রয়েছেন।
সেচের অভাবে জমিগুলো শুকিয়ে যাচ্ছে। ওই ছয়টি গ্রামের আবাসিক গ্রাহকেরা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক আজিজার রহমান বলেন, ‘ধান চাষের জন্য আমি ইতিমধ্যে চারা তৈরি করেছি। যথাসময়ে ধান লাগাব বলে সেচের অপেক্ষা না করে বৃষ্টির পানিতেই দুই বিঘা জমি তৈরি করেছিলাম। কিন্তু চাহিদামতো পানি না পাওয়ায় বাকি জমিতে ধান লাগাতে পারছি না।’ তিনি আরও বলেন, সময়মতো বৃষ্টি না হওয়ায় প্রতিবছর সেচ দিয়ে ধান চাষ করতে হয়। এ কারণে ট্রান্সফরমারটি অতি জরুরি।
দুর্গাপুরের গভীর নলকূপের ব্যবস্থাপক সান্টু খন্দকার বলেন, এক মাস পার হলেও ট্রান্সফরমারটি মেরামতের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। নওগাঁ বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান ট্রান্সফরমার বিকল থাকার কথা স্বীকার করে বলেন, ‘এক সপ্তাহের মধ্যে ওই স্থানে ট্রান্সফরমার দেওয়ার চেষ্টা করব।’
উপজেলা কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারওয়ার বলেন, ‘আমি শুনেছি ওই এলাকায় বিদ্যুতের সমস্যার কারণে পানির অভাবে চাষিরা ধান লাগাতে পারছেন না। রোপা আমন জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে রোপণের উপযুক্ত সময়। যেহেতু ওই এলাকার কৃষকের বেশ কিছু সময় নষ্ট হয়েছে, চাহিদামতো পানি পেলে এখনো ধান রোপণ করা যাবে। এতে ফলনের কোনো ক্ষতি হবে না। তবে বিদ্যুতের বিষয়টি কৃষকদের স্বার্থেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুরুত্ব দেওয়া উচিত।’