ছয় ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের ছয় ঘণ্টা সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ যেসব পদক্ষেপ নেয়, জনগণের স্বার্থে তা বাস্তবায়ন করে। চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ জায়গা। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে উন্নয়নকাজ অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টা সম্প্রচারের জন্য আপনারা দাবি জানিয়েছেন। আপনারা প্রস্তুতি নেন। বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।’
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ছয় ঘণ্টা সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের ছয় ঘণ্টা সম্প্রচারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ আফসারুল আমিন, এ বি এম ফজলে করিম চৌধুরী, মঈনউদ্দিন খান বাদল, নজরুল ইসলাম, ওয়াশিকা আয়েশা খান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন, বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশ সুপার নুরেআলম মিনা, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্ত প্রমুখ।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে ৩২টি বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নতুন টিভি চ্যানেলের কারণে অনেকের কর্মসংস্থান হচ্ছে।
গণভবন থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়নের জন্য প্রধানমন্ত্রী ৩৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন। এই টিভি কেন্দ্র থেকে চট্টগ্রাম বিভাগের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার প্রতিশ্রুতি মোতাবেক চট্টগ্রামকে সাজাচ্ছেন। আপনি ১৯৯৬ সালে চট্টগ্রাম টিভি কেন্দ্রের উদ্বোধন করেছেন। আজ ছয় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারের উদ্বোধন করছেন। এখান থেকে যেন ২৪ ঘণ্টার অনুষ্ঠান প্রচার হয়, সেই ব্যবস্থা নিতে হবে। এই কেন্দ্র থেকে অনেক রেভিনিউ (রাজস্ব) আসবে।’
অনুষ্ঠানে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনি ছয় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারের উদ্বোধন করছেন। ২৪ ঘণ্টা করলে অসুবিধা হবে না। আপনি সেই উদ্যোগ নিন।’
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আপনার (প্রধানমন্ত্রী) চেষ্টার কারণে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অচিরেই সেটা মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
এখন থেকে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত এই কেন্দ্র থেকে অনুষ্ঠান সম্প্রচার করা হবে।