মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে রাজবাড়ীর দৌলতদিয়ার উদ্দেশে আসার সময় গতকাল মঙ্গলবার ভোরে একটি রো রো ফেরির পাখা নদীর কারেন্ট জালে আটকা পড়ায় ফেরিটি কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে যায়। পরে প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর ফেরিটি উদ্ধার হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া শাখা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে পাটুরিয়া ঘাট থেকে দুটি যাত্রীবাহী বাস, ১৩টি পণ্যবাহী ট্রাক ও একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে রো রো ফেরি ভাষা শহীদ বরকত। ফেরিটি ঘাট ছেড়ে কিছু দূর আসামাত্র নদীতে জেলেদের পুঁতে রাখা কারেন্ট জালে ফেরির পাখা আটকে গেলে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ফেরিটি স্রোতের টানে প্রায় চার কিলোমিটার ভাটিতে শিবালয়ের দাসকান্দি এলাকায় বালুচরে আটকা পড়ে। পরে বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ পাটুরিয়া ঘাট থেকে গিয়ে উদ্ধারের চেষ্টা চালায়। প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর ফেরিটিকে উদ্ধার করা সম্ভব হয়। এ সময় ফেরিটিতে অন্তত দুই শতাধিক যাত্রী ছিল।