ছয় ঘণ্টা পর তালগাছ থেকে নামানো হলো কিশোরীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তালগাছই আমার বাড়ি, তালগাছই আমার ঘর’ এ কথা বলে প্রায় ৪৫ ফুট উঁচু একটি তালগাছে উঠে বসে ছিল হাবিবা খাতুন (১৫) নামের এক কিশোরী। এলাকাবাসী দীর্ঘ ছয় ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে কোনোভাবেই গাছ থেকে নামাতে পারছিলেন না। অবশেষে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল রাত সাড়ে ১১টার দিকে এলাকাবাসীর সহায়তায় ওই কিশোরীকে তালগাছ থেকে নামায়।

গত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের কুমারকান্দা গ্রামে। হাবিবা খাতুন ওই গ্রামের সাহেদ আলীর মেয়ে। সে স্থানীয় কৃষ্ণদিয়া বাকুমৃধা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী সূত্র জানায়, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই কিশোরীকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীরা তাকে এলাকার একটি তালগাছের মাথায় দেখতে পায়। এলাকাবাসী তাকে নেমে আসার জন্য অনুরোধ জানালে সে নামতে অস্বীকার করে বলে, ‘আমি এই তালগাছেই থাকব, তালগাছই আমার বাড়ি, তালগাছই আমার ঘর।’

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই কিশোরীকে নামাতে ব্যর্থ হয়ে এলাকার চার ব্যক্তি তালগাছে ওঠেন। কিন্তু তাকে নামানো যায়নি। পরে বিষয়টি ফরিদপুর ফায়ার সার্ভিসকে জানানো হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর সহায়তায় এবং ফায়ার সার্ভিসের অটো স্কেপ ও রশির সাহায্যে (রশি দিয়ে নির্দিষ্ট গতিতে বিশেষ পদ্ধতিতে নামানোর ব্যবস্থা) তাকে নামিয়ে আনা হয়।

মো. সাইফুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে ওই কিশোরী মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত। গাছে থাকা অবস্থায় সে কয়েকবার সংজ্ঞা হারিয়ে ফেলে। তিনি বলেন, তবে অপশক্তির প্রভাবে এ ঘটনা ঘটেছে বলে মনে করে এলাকাবাসী। নামিয়ে আনার পর কিশোরীকে ঝাড়ফুঁক দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পশারগাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, এলাকাবাসী ওই কিশোরীকে তালগাছ থেকে নামাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।