ছয় ঘণ্টা পর পূর্বাঞ্চলে ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেটসহ পূর্বাঞ্চলীয় রেলপথে ট্রেন চলাচল আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টা থেকে শুরু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে দুপুরে কনটেইনার ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। 

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার কার্যালয় সূত্র জানায়, সকাল আটটার দিকে কনটেইনার ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ভৈরবের জগন্নাথপুর এলাকায় রেললাইনের একটি পয়েন্ট অতিক্রম করার সময় বিকট শব্দে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।

ট্রেনটির চালক আবুল কাসেম জানান, ভৈরব স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটি ঘণ্টায় ১৬ কিলোমিটার গতিতে চালানো হচ্ছিল। শব্দ পাওয়ার তিনি বুঝতে পারেন সমস্যা হয়েছে। এর কয়েক মিনিটের মধ্যে তিনি ট্রেনটি থামিয়ে ফেলেন।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমান প্রথম আলোকে বলেন,  দুর্ঘটনার তিন ঘণ্টা পর বেলা সাড়ে তিনটার দিকে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রেললাইন ট্রেন চলাচলের উপযোগী হয়।

দুর্ঘটনার কারণে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস, কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস, নরসিংদীর দৌলতকান্দি স্টেশনে কর্ণফুলী মেইল, শ্রীনিদী স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি মেইল ও লোকাল ট্রেন আটকা পড়ে। এতে হাজারো যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে ঢাকা বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা মজিবুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।