ছয় ঘণ্টার নিষ্ফল অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে ধরতে পুলিশ গতকাল পারলক্ষ্মীপুর গ্রামে অভিযান চালায় l ছবি: শাহ আলম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে ধরতে পুলিশ গতকাল পারলক্ষ্মীপুর গ্রামে অভিযান চালায় l ছবি: শাহ আলম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে (রুন্নু) ধরতে পুলিশ গতকাল শুক্রবার টানা ছয় ঘণ্টা অভিযান চালায়। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান ওই চেয়ারম্যান।
৬ জুন দুপুরে খাসকররা ইউনিয়নের তিওরবিলা গ্রামের ক্লিনিক ব্যবসায়ী নজরুল ইসলাম খুন হন। খুনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাহিনী বিদ্রোহী প্রার্থী তাফছির আহমেদের কর্মী, সমর্থক ও আত্মীয়দের আটটি বাড়ি, তিনটি দোকান ও একটি গুদামে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা চেয়ারম্যানকে প্রধান আসামি করে আলমডাঙ্গা থানায় ছয়টি মামলা করেন।
ওই সব মামলায় মোস্তাফিজুরকে গ্রেপ্তারে গতকাল ভোর চারটা থেকে সকাল ১০টা পর্যন্ত পারলক্ষ্মীপুর গ্রামে চেয়ারম্যানের বাড়ি ঘিরে অভিযান শুরু হয়। এতে জেলা, আলমডাঙ্গা থানা, গোয়েন্দা শাখা ও কয়েকটি ক্যাম্পের পুলিশ সদস্যরা অংশ নেন। নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।
জেলা শহর থেকে ৪৫ কিলোমিটার দূরের পারলক্ষ্মীপুর গ্রামে সকাল সাতটায় গিয়ে দেখা যায়, পুলিশ সদস্যরা চেয়ারম্যানের বাড়ি ঘিরে রেখেছেন। বাড়ির প্রবেশপথে অসংখ্য নারী-পুরুষ মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। তাঁদের দাবি, কোনোভাবেই চেয়ারম্যানকে ধরে নিয়ে যেতে দেবেন না। এ ছাড়া গ্রামের মোড়ে মোড়ে ও রাস্তার ওপর আশপাশের গ্রাম থেকে আসা নারী-পুরুষের জটলা দেখা যায়।
সকাল পৌনে ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন চেয়ারম্যানকে বাড়ির বাইরে আসার জন্য মাইকে ঘোষণা দেন এবং উপস্থিত নারী-পুরুষদের সরে যাওয়ার জন্য ১০ মিনিট সময় বেঁধে দেন। পর্যায়ক্রমে পুরুষেরা বাড়ির সামনে থেকে সরে গেলেও বেশির ভাগ নারী বাড়ির সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা পুলিশকে শর্তসাপেক্ষে বাড়ির ভেতরে প্রবেশের অনুমতি দেন। এরপর সকাল ১০টায় পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে। কিন্তু এর আগেই মোস্তাফিজুর বিকল্প পথে বাড়ি থেকে পালিয়ে যান। পাওয়া যায় তাঁর স্ত্রী তাসলিমা খাতুনকে। এরপর বাড়ি-ঘরে তল্লাশি চালিয়ে একটি লাইসেন্সধারী বন্দুক ছাড়া তেমন কিছু পাওয়া যায়নি। এরপর পুলিশ গ্রাম ত্যাগ করে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘চেয়ারম্যান বাড়িতে অবস্থানকালে পুলিশের দুটি দল তাঁকে থানায় নিয়ে যাওয়ার জন্য শুক্রবার ভোরে আসে। কিন্তু তিনি পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেন। আমরা চাইলে শক্তি প্রয়োগ করে চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে পারতাম। কিন্তু গ্রামবাসীর আবেগের প্রতি শ্রদ্ধা রেখে তা করা হয়নি। চেয়ারম্যান পলিয়ে গিয়ে ভুল করলেন। তবে আমরা যে রক্তপাতহীন অভিযানে নেমেছিলাম, সে হিসাবে অভিযান সফল।’