ছয় ঘণ্টার মধ্যে স্বাভাবিক কার্যক্রম শুরুর নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালে অনৈতিকভাবে ধর্মঘট ডেকে রোগীর চিকিৎসায় বিঘ্ন ঘটানোর অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন (বিএমএসআরআই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে বিএমএসআরআইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সিদ্দিকুল্লাহ বলেন, কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সদস্য তৈমুর নেওয়াজের নেতৃত্বে কয়েকজন চিকিৎসক আট দিন ধরে এই অচলাবস্থার সৃষ্টি করে রেখেছেন।
মো. সিদ্দিকুল্লাহ বলেন, নিয়ম অনুসরণ করে বিএমএসআরআই বাংলাদেশ মেডিকেল কলেজ, হাসপাতালসহ পাঁচটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। সম্প্রতি কলেজের চিকিৎসক সাইফুল ইসলামকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগে বদলি করা হয়। এর জের ধরে ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্মঘট ডাকা হয়।
অবশ্য সাইফুল ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেন, বিএমএসআরআই অনেক দিন ধরে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করছে। তাই কমিটি বিলুপ্তির দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটে চিকিৎসা বা শিক্ষা কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে না।
হাইকোর্টের নির্দেশ
এদিকে রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা দিতে ছয় ঘণ্টার মধ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদেনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। রিটটি করেন অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, হাসপাতালের ধানমন্ডি শাখা থেকে উত্তরা শাখায় এক চিকিৎসককে বদলি নিয়ে ১৪ মার্চ থেকে ধর্মঘট চলছে। এর নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। ওই ঘটনা ও চিকিৎসকের বদলির বিষয়ে তদন্ত করে স্বাস্থ্যসচিবকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। অধ্যক্ষ তৈমুর নেওয়াজ বলেন, ধর্মঘট ডাকার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।