ছয় ঘণ্টার রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালতের জ্যেষ্ঠ মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল মঙ্গলবার এক আসামির মাত্র ছয় ঘণ্টা রিমান্ড মঞ্জুর করেছেন। পাঁচলাইশ থানায় দায়ের করা মোটরসাইকেল চুরির একটি মামলায় আদালত মোক্তার হোসেন ওরফে ফরহাদ নামের ওই আসামির ছয় ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল।গতকাল শুনানির পর হাকিম আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আগে তাঁর শারীরিক পরীক্ষা করারও আদেশ দেন। হাইকোর্টের একটি রায়ের আলোকে আদালত এই আদেশ দেন বলে জানা গেছে। জ্যেষ্ঠ হাকিমের আদেশে বলা হয়, ‘তদন্ত কর্মকর্তা নিবিড়ভাবে, দক্ষতার সঙ্গে ও অবিরত জিজ্ঞাসাবাদ করলে কয়েক ঘণ্টার রিমান্ড যথেষ্ট।’চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ জানান, বাংলাদেশের ইতিহাসে কোনো আসামির এটি সবচেয়ে কম মেয়াদের রিমান্ড মঞ্জুর। আসলে কোনো আসামিকে পুলিশ ২৪ ঘণ্টাও জিজ্ঞাসাবাদ করে না। নতুন এই আদেশের কারণে পুলিশ আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করবে। থানা ভবনে আসামিকে ভাত খাওয়ানোর প্রয়োজন হবে না। এর আগে একই হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গত ২৭ জানুয়ারি আবদুর শুক্কুর ওরফে রবিন (২৮) ও সাইফুল ওরফে তাবা নামের দুই আসামির ১২ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেছিলেন। গতকাল হাকিম তাঁর আগের আদেশের চেয়ে আরও কম মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন।