চিকিৎসকদের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগে সিলেটে একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা চিকিৎসকসহ ছয়জন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে প্রসূতির স্বামী বাদী হয়ে মামলা করেন। বিচারিক হাকিম আবু সৈয়দ মো. দিলজার হোসেন গতকালই মামলাটি (নম্বর ৩৬২) আমলে নিয়ে চার সপ্তাহের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে নির্দেশ দিয়েছেন। আরজিতে উল্লেখ করা হয়, বাদী চৌধুরী এম কে টিপুর সন্তানসম্ভবা স্ত্রী আফসানা চৌধুরীকে গত ২৭ সেপ্টেম্বর নগরের বেসরকারি হাসপাতাল সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩১৪ নম্বর কেবিনে তাঁকে রাখা হয়। পরদিন তাঁর একটি কন্যাসন্তান হয়। প্রসবের পরপরই আফসানা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে ১ অক্টোবর তিনি মারা যান। প্রসবকালীন জটিলতায় তাঁর স্ত্রী অসুস্থ হয়ে অকালে মৃত্যুবরণ করেছেন বলে বাদী আরজিতে উল্লেখ করেন। মামলায় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চিকিৎসক এহসান এমদাদ, কর্তব্যরত পরিচালক রেজাউল করিম ও আরও চারজন চিকিৎসককে আসামি করা হয়। এ ব্যাপারে জানতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টেলিফোনে যোগাযোগ করলে ব্যবস্থাপনা পরিচালকসহ অভিযুক্ত কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে ফোন করলে নাম প্রকাশে অনিচ্ছুক জনসংযোগ কর্মকর্তা ২৭ সেপ্টেম্বর ৩১৪ নম্বর কেবিনে আফসানা চৌধুরীর ভর্তির বিষয়টি নিশ্চিত করেন। তবে মামলার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ অবহিত নয় বলে জানান।