ছয় চেয়ারম্যানের পাঁচজন ধরাশায়ী, আ.লীগেরই চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের নয়টি উপজেলা পরিষদের মধ্যে ছয়টিতেই (মধুখালী, ভাঙ্গা, সদরপুর, বোয়ালমারী, নগরকান্দা ও সালথা) ক্ষমতাসীন চেয়ারম্যানরা নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাঁচজনই পরাজিত হয়েছেন। আর পরাজিত পাঁচজনের মধ্যে চারজনই আওয়ামী লীগের নেতা।
পাঁচ বছর কাজ করে ক্ষমতাসীন চেয়ারম্যানদের হেরে যাওয়ার বিষয়টি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর নির্বাচনী এলাকা নগরকান্দা ও সালথায় আওয়ামী লীগ-সমর্থিত ক্ষমতাসীন দুই চেয়ারম্যান হেরে যাওয়া আওয়ামী লীগের জন্য একটা বড় ধাক্কা।
আওয়ামী লীগের অনেক কর্মী-সমর্থক বলছেন, সাজেদা চৌধুরী এবং তাঁর ছেলে আয়মন আকবরের কর্মকাণ্ড থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্যই জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং এ দুটি উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। আর দুই উপজেলাতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় দল-সমর্থিত প্রার্থীদের পরাজয় ত্বরান্বিত হয়েছে।
নগরকান্দা ও সালথায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ও সমর্থকের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের সাংগঠনিক দুর্বলতা, উপনেতার ছেলের কর্মকাণ্ডে এলাকাবাসীর নেতিবাচক মনোভাব, টিআর-কাবিখা নিয়ে দুর্নীতি, দলীয় নেতা-কর্মীদের হয়রানি, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করা, স্কুলেশিক্ষক নিয়োগ ও ব্যবস্থাপনা কমিটি গঠনে দুর্নীতিই তাঁদের প্রার্থীর পরাজয়ের কারণ।
সালথা উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুর রহমান বলেন, প্রার্থীর ওপর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে নির্বাচনে। প্রচারণা ছিল নেতানির্ভর। কর্মীরা ছিলেন অবহেলিত।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, সাজেদা চৌধুরীর সাংগঠনিক দুর্বলতা ছিল। প্রার্থী নির্বাচন সঠিক হয়নি। দলের কর্মীদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবরের দুর্ব্যবহার এ পরাজয়ের একটি বড় কারণ।
অবশ্য এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, ‘আমাদের প্রার্থী নির্বাচন সঠিক ছিল। তার পরও আপার (সাজেদা চৌধুরী) মনোনীত দুই প্রার্থীই হেরে গেছেন।
ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল নির্বাচনে অংশ নিয়ে চারজন প্রার্থীর মধ্যে চতুর্থ হন। সুধীন সরকার সিপিবি নেতা।
সদরপুরের উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের আবদুস সাত্তার ফকির নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। সাত্তার ফকির বলেন, ‘আমি নির্বাচন থেকে যখন সরে দাঁড়িয়েছি, তত দিনে প্রতীক বরাদ্দ হয়ে গেছে। তাই কিছু ভোট পেয়েছি। তিনি দাবি করেন, নির্বাচনের মাঠে থাকলে তিনি বিজয়ী হতেন।’
নির্বাচনে হেরে গেছেন মধুখালী উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মফিজুর রহমান। স্থানীয় অনেকে জানান, তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার তাঁর পরাজয়ের অন্যতম অন্তরায়। তবে মফিজুর রহমান বলেন, স্থানীয় প্রশাসন বিএনপি-জামায়াত প্রভাবিত ছিল। তা ছাড়া দলের অনেক নেতা-কর্মী কাজ করেননি। অবশ্য মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শরিফুল ইসলাম বলেন, ‘এ অভিযোগ সত্য নয়। আমরা আইন মোতাবেক নির্বাচনী কাজ পরিচালনা করেছি। তা ছাড়া এখানে অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একজন কর্মকর্তা সার্বক্ষণিক তদারকি করেছেন।’