ছয় ছাত্র খুনের পেছনের মূল কারণ মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সাভারের আমিনবাজারের বহুল আলোচিত ছয় ছাত্র খুনের ঘটনার পেছনের মূল কারণ ছিল মাদক। তাঁরা মাদক সেবন করতে গিয়েই এই নির্মম পরিণতির শিকার হন। অভিভাবকেরা সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে পারলে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব।
গতকাল বৃহস্পতিবার ঢাকার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে মাদকবিরোধী সচেতনতামূলক এক সভায় খাদ্যমন্ত্রী এ কথা বলেন।
ঢাকা জেলা পুলিশ আয়োজিত ওই সভায় মন্ত্রী বলেন, প্রায় সব অপরাধের পেছনেই মাদক জড়িত। মাদক সেবনের অর্থ জোগাড় করতে মাত্র দুই থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে মানুষ খুন করতেও দ্বিধা করছে না নেশাগ্রস্ত যুবকেরা।
সভায় স্থানীয় আওয়ামী লীগের সাংসদ এনামুর রহমান বলেন, কিশোর বয়সে ধূমপানের মধ্য দিয়েই শুরু হয় মাদক গ্রহণ। এরপর দিনে দিনে মাদকের সঙ্গে পুরোপুরি জড়িয়ে পড়ে তারা।
জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, ছোট ছোট মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক নির্মূল করতে মাদকের জোগানদাতা ও আমদানিকারকদের ধরতে হবে।
ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় সাভারের ২০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।