নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবদুস সালাম হলে হামলা-ভাঙচুরে জড়িত থাকার ঘটনায় ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া হামলা-ভাঙচুরের ঘটনায় হলের প্রভোস্ট মো. ইউসুফ মিঞাকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয় শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন আবদুল হামিদ (ফার্মেসি), নাসির উদ্দিন আহমেদ (ইংরেজি), সাইফুল ইসলাম (ফুড টেকনোলজি), সাজ্জাদ হোসেন (ইংরেজি), জাহিদুর রহমান (আইসিই) ও নাসির হোসেন (অর্থনীতি।
এদিকে ছাত্র হলে বহিরাগতদের তাণ্ডবের ঘটনায় গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ে জরুরি সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য এম অহিদুজ্জামান। সভায় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্র জানায়, তাণ্ডবের ঘটনার তদন্তে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী মাহমুদুল হাসানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার মো. মমিনুল হক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সালাম হলে যে তাণ্ডব হয়েছে, তা গোটা বিশ্ববিদ্যালয়ের ওপর হামলার শামিল। এ ঘটনায় জড়িত যে-ই হোক তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করতে প্রক্টরিয়াল বডিকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত মুন্না নামের এক বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
অতীতের মতো কিছুদিন পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হবে কি না এ প্রশ্নের জবাবে উপাচার্য এম অহিদুজ্জামান বলেন, ‘অতীতে কী হয়েছেÑ তা আমাদের জানার বিষয় নয়, আমরা অপরাধীদের সঙ্গে কোনো ধরনের আপস করব না। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিজয় দিবসের রাতে (গত শুক্রবার) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলে বিশেষ খাবারের (বিরিয়ানি) ব্যবস্থা করে। খাবার পাওয়া না-পাওয়া নিয়ে ছাত্রলীগ নেতা আবদুল হামিদ এবং সাজ্জাদ প্রোমেলের অনুসারীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে শনিবার দুপুরে প্রায় এক শ বহিরাগত যুবক অস্ত্র নিয়ে হলে তাণ্ডব চালান। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো কমিটি নেই। নতুন করে কমিটি গঠনকে কেন্দ্র করেও দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছিল। হামলার সঙ্গে কমিটি গঠন নিয়ে সৃষ্ট উত্তেজনাও কাজ করেছে বলে তাঁরা ধারণা করছেন।